প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় বিপুল পরিমাণ অবৈধভাবে মজুদ সার জব্দ, গোডাউন সিলগালা

বগুড়ায় অবৈধভাবে মজুদ প্রায় ১৭ হাজার বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়েছে। এর মধ্যে অন্তত পাঁচ হাজার বস্তা সার নষ্ট হয়ে গেছে। এসময় অবৈধভাবে সার মজুদের অপরাধে গোডাউন সিলগালা এবং দুইটি ট্রাক জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।

গুদামে রাখা সারের মালিকের নাম নাজমুল পারভেজ কনক। তবে অভিযানের সময় তিনি উপস্থিত ছিলেন না। শহরের বড়গোলা এলাকায় ফ্রেন্ডস ট্রেডার্স নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। গুদামটির মালিক নাজমুল পারভেজের বাবা।

রোববার রাত প্রায় ১২টার দিকে সদর উপজেলার এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে মঞ্জু-করিম ট্রেডার্সের গোডাউন থেকে এসব জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সমর কুমার পাল। অভিযানে বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, এরুলিয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিকসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও সমর কুমার পাল জানান, বগুড়া সদর উপজেলায় যে সকল সার বিক্রয়কারী ডিলার রয়েছেন তার মধ্যে নাজমুল পারভেজ কনকের নাম নেই। তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ডিএপি ও ইউরিয়া সার মজুদ করে আসছেন। সংবাদের পেয়ে অভিযানে গোডাউন ভর্তি অবৈধভাবে মজুদ করা আনুমানিক ১২ থেকে ১৪ হাজার বস্তা ডিএপি ও ইউরিয়া সার জব্দ করা হয়। এর মধ্যে ৫ থেকে ৭ হাজার বস্তা নষ্ট সার পাওয়া গেছে। এছাড়া দুইটি ট্রাক যার একটি সম্পূর্ণ ভর্তি এবং একটি খালি ট্রাকও জব্দ করা হয়েছে। শেষে পুরো গোডাউন সিলগালা করা হয়েছে।

ইউএনও আরো জানান, এই গোডাউনের মালিক সার মজুদ করে বগুড়ার ১২টি উপজেলা এবং নওগাঁর বিভিন্ন এলাকায় সার বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button