
নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদর উপজেলায় মাঝ রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে মো: রাসেল (২৮) নামের এক যুবক হত্যা করার খবর পাওয়া গেছে। ঘটনার পর রাতেই জড়িত থাকার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চক সরতাজ সুলতানপুর পাড়ায় এই ঘটনা ঘটে।
আটকের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, অনলাইন জুয়া খেলা সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত রাসেল সাবগ্রাম ইউনিয়নের চক সরতাজ সুলতানপুর পাড়ার মো: আবু বক্করের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাতে রাসেলকে ঘুম থেকে ডেকে বাড়ির সামনে নিয়ে আসে দুর্বৃত্তরা। সেখানে কথা-কাটাকাটির এক পর্যায়ে তার বুকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায় তারা। গুরুতর আহত অবস্থায় রাসেলের পরিবারের সদস্যরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনার পরপরই এক কিশোরকে আমরা আটক করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে সে আর রাসেল দুজনেই অনলাইনে জুয়া খেলত। জুয়া খেলার টাকার লেনদেন নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। এই জেরে হত্যাকাণ্ড ঘটায় সে।”
ওসি জানান, অভিযুক্তকে থানায় রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



