
জ্বালানি সংকট মোকাবিলায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তিনদিন অনলাইন ও তিনদিন অফলাইন (সশরীরে) ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত সারাদেশের সব স্কুলে নয়, শুধুমাত্র মহানগর বা মেট্রোপলিটন এলাকায় অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য প্রযোজ্য হবে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী জানান, নতুন সিডিউল অনুযায়ী:
- শনিবার: স্কুলে এসে ক্লাস
- রোববার: অনলাইনে ক্লাস
- সোমবার: অফলাইনে ক্লাস
- মঙ্গলবার: অনলাইনে ক্লাস
- বুধবার: অফলাইনে ক্লাস
- বৃহস্পতিবার: অনলাইনে ক্লাস
তিনি আরও বলেন, শিক্ষকরা বিদ্যালয়ে গিয়ে অনলাইনে ক্লাস শুরু করবেন। ওয়াইফাই ও অন্যান্য প্রযুক্তিগত সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, মেট্রোপলিটন এলাকার যেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী সংখ্যা বেশি, সেসব স্কুলে নতুন সিডিউল প্রথমে বাস্তবায়ন করা হবে। তবে সব প্রতিষ্ঠানকে বাধ্য করা হবে না এবং এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না যাতে শিক্ষাব্যবস্থায় বিরূপ প্রভাব পড়ে।
তথ্যসূত্র: বাংলাদেশ টাইমস



