
নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় মাদকবিরোধী অভিযান জোরদার এবং মাঠপর্যায়ে তদারকি কার্যক্রম আরও গতিশীল করতে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে দুটি মোটরসাইকেল উপহার দিয়েছে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে বগুড়া চেম্বার ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোটরসাইকেল দুটির চাবি হস্তান্তর করেন সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আতিকুর রহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান এবং চেম্বারের সহসভাপতি ও শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু।
অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাঃ জিল্লুর রহমানের হাতে মোটরসাইকেল দুটির চাবি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী সমাজসহ সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। মাদকের বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সমন্বিত উদ্যোগ গ্রহণের কোনো বিকল্প নেই।
তাঁরা আরও বলেন, মাদকবিরোধী কার্যক্রমকে কার্যকর করতে প্রশাসনের মাঠপর্যায়ের সক্ষমতা বাড়ানো জরুরি। এ ক্ষেত্রে মোটরসাইকেল দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম, দ্রুত অভিযান পরিচালনা এবং মাদকবিরোধী কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বক্তারা মাদক নির্মূলে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়ী সমাজ ও সাধারণ জনগণকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী নেতারা, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের সদস্য এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



