
বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই)। প্রতিষ্ঠানটির ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৭’-এ শীর্ষ এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা পায়নি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। তবে ৮০১ থেকে ১০০০ র্যাংকের মধ্যে স্থান পেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ চারটি বিশ্ববিদ্যালয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে। এবারের র্যাংকিংয়ে বাংলাদেশের মোট ২৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
টাইমস হায়ার এডুকেশন জানিয়েছে, শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন ও আন্তর্জাতিক শিক্ষার্থীসহ কয়েকটি সূচকের ভিত্তিতে ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়ের মূল্যায়ন করা হয়েছে।
র্যাংকিংয়ে ৮০১ থেকে ১০০০-এর মধ্যে যৌথভাবে অবস্থান করছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)।
১০০১ থেকে ১২০০-এর মধ্যে আট বিশ্ববিদ্যালয়
১০০১ থেকে ১২০০ র্যাংকের মধ্যে রয়েছে আটটি বাংলাদেশি বিশ্ববিদ্যালয়। এগুলো হলো:
- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)
- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)
- ব্র্যাক ইউনিভার্সিটি
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)
- ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)
- যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)
- ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)
- রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)
১২০১ থেকে ১৪০০ র্যাংকের মধ্যে রয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)।
১৪০১ থেকে ১৬০০ র্যাংকের মধ্যে রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি), আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।
এ ছাড়া ১৮০১ থেকে ২০০০ র্যাংকের মধ্যে রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি (ইডব্লিউইউ) ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)।
টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংয়ে পাঁচটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর পারফরম্যান্স মূল্যায়ন করা হয়। ক্ষেত্রগুলো হলো শিক্ষার মান, গবেষণা পরিবেশ, গবেষণা শ্রেষ্ঠত্ব, ইন্ডাস্ট্রি সংযুক্তি এবং আন্তর্জাতিক সম্ভাবনা।
তথ্যসূত্র: যুগান্তর



