
চলতি সপ্তাহের মধ্যেই এইচএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেই এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে আর কোনো আপত্তি নেই বলেও জানান তিনি।
তিনি বলেন, “রুটিন চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে।”
এসএসসি পরীক্ষার প্রথম দিনের কার্যক্রম শেষে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার প্রথম দিনে দেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোথাও প্রশ্নফাঁসের ঘটনাও হয়নি বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, পরবর্তী পরীক্ষাগুলোও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।
এবার সারা দেশে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়।
তথ্যসূত্র: কালের কণ্ঠ



