
নিজস্ব প্রতিবেদক: নওগাঁ জেলা কারাগারে কারা হেফাজতে থাকা অবস্থায় অসুস্থ হয়ে মারা গেছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব (৫৮)।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বগুড়ায় নিজ বাড়িতে স্বজনদের আহাজারি শুরু হয়।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নওগাঁ সদর হাসপাতালের জরুরি বিভাগের একজন চিকিৎসক মুঠোফোনে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি নিজের নাম প্রকাশ করতে অনীহা জানান। ওই চিকিৎসক বলেন, জাকির হোসেন নবাব বেলা সোয়া ১১টার দিকে মারা যান। তাঁকে হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় আনা হয়েছিল। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার আগে নিশ্চিত করে বলা সম্ভব নয়।
এদিকে নওগাঁ জেলা কারাগারের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত চিকিৎসক কৌশিক আহমেদ জানান, জাকির হোসেন নবাব হৃদরোগে আক্রান্ত ছিলেন। তিনি নিয়মিত তাঁকে চিকিৎসাসেবা ও পর্যবেক্ষণে রাখতেন। মঙ্গলবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা চলাকালে তাঁর মৃত্যু হয়।
চিকিৎসক কৌশিক আহমেদ আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে হার্ট অ্যাটাকের কারণে তাঁর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় পরীক্ষা ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া জরুরি।
নিহত অ্যাডভোকেট জাকির হোসেন নবাব বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া তিনি বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা গ্রামের আব্দুল জলিলের ছেলে।
জানা গেছে, তিনি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হয়ে নওগাঁ জেলা কারাগারে বন্দি ছিলেন। কারাগারে থাকা অবস্থায় মঙ্গলবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।
নওগাঁ জেলা কারাগারের সুপার রত্না রায় জানান, মঙ্গলবার সকালে জাকির হোসেন নবাব অসুস্থতাবোধ করলে তাৎক্ষণিকভাবে তাঁকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। তিনি বিস্ফোরক মামলায় কারাগারে আটক ছিলেন।
জেল সুপার আরও জানান, জাকির হোসেন নবাবের মরদেহের ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
জানাগেছে, ২০২৫ সালের ২০ জুন রাজধানীর ভাটারা এলাকা থেকে জাকির হোসেন নবাবকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার ডি-ব্লক এলাকা থেকে স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশে খবর দেন। পরে ভাটারা থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
এরপর বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ বিভিন্ন সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় তিনি কারাগারে ছিলেন। পরবর্তী সময়ে তাঁকে নওগাঁ জেলা কারাগারে রাখা হয়।



