শিক্ষা
প্রধান খবর

শিক্ষার মানোন্নয়নে সিলেবাস ও কারিকুলামে পরিবর্তনের উদ্যোগ

শিক্ষার মানোন্নয়নে সিলেবাস, কারিকুলাম এবং একাডেমিক ক্যালেন্ডারে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (৯ মে) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এ আয়োজিত চায়না-বাংলাদেশ এডুকেশন কোঅপারেশন ফোরাম-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানের আয়োজন করে ঢাকাস্থ চীন দূতাবাস এবং চায়না-বাংলাদেশ এডুকেশন অ্যান্ড কালচারাল এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং পর্যায়ক্রমে দেশের মোট জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশের উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে ড. মিলন বলেন, “আমরা চীনের সঙ্গে যৌথ উদ্যোগে সাধারণ ও কারিগরি শিক্ষকদের প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করেছি।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদের দেশের নেতৃত্ব গ্রহণের যোগ্য হিসেবে গড়ে উঠতে হবে।”

বাংলাদেশ-চীন সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, “আমরা চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের সেতুবন্ধন আরও সুদৃঢ় করতে চাই। সেই সেতুর মূল উপকরণ হবে শিক্ষা।”

ফোরামে শিক্ষাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে একাধিক সমঝোতা স্মারক সই হয়।

অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক একটি প্রদর্শনীর উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

ইয়াও ওয়েন-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহদী আমিন, আব্দুল খালেক, ড. মামুন আহমেদ, ড. এবিএম বদরুজ্জামান এবং প্রফেসর ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল।

তথ্যসূত্র: টিবিএস নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button