শিক্ষা
প্রধান খবর

তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগ সম্ভব হবে: শিক্ষামন্ত্রী

আগামী তিন মাসের মধ্যে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৫০ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (২২ জুন) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর ২০তম বিশ্ববিদ্যালয় দিবস ও ডিনস-ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, “আমরা অত্যন্ত ভাগ্যবান যে তারেক রহমান-এর মতো একজন প্রধানমন্ত্রী পেয়েছি। তিনি শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন এবং দেশের ভবিষ্যৎ উন্নয়নে শিক্ষাকে প্রধান হাতিয়ার হিসেবে দেখছেন। একটি শিক্ষিত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী নিরন্তর কাজ করে যাচ্ছেন।”

তিনি আরও বলেন, কারিগরি ও মাদরাসা শিক্ষার আধুনিকায়নে সরকার কাজ করছে। দেশের জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার বিকল্প নেই। তবে মাদরাসা শিক্ষকদের মে ও জুন মাসের বেতন এখনো পরিশোধ না হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন।

উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-এর চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, মো. শাহজাহান, মো. ফখরুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ৫১ জন শিক্ষক-শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড এবং তিনজনকে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এর আগে কেক কাটা, পায়রা উড়ানো এবং বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button