
আসন্ন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রতিটি পরীক্ষাকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (২৭ জুন) রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষাকেন্দ্রগুলোর সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ নির্দেশনা দেন। সভাটি অনুষ্ঠিত হয় রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে।
শিক্ষামন্ত্রী বলেন, নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি পরীক্ষাকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। পাশাপাশি পরীক্ষা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন তিনি।
সভায় আগামী ২ জুলাই শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে কেন্দ্রসচিবদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী। এছাড়া বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের সচিবরা সভায় অংশ নেন।
সভায় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, এবার বোর্ডের অধীনে আট জেলায় ২০৮টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন শিক্ষার্থী।
তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এবারের এইচএসসি পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হবে।
তথ্যসূত্র: চ্যানেল ২৪