
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী সোমবার (২৯ ডিসেম্বর)। ওই দিন বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন। সে হিসাবে হাতে আর মাত্র দুই দিন সময় রয়েছে প্রার্থীদের।
নির্বাচন কমিশন (ইসি) জানায়, মনোনয়নপত্র বাছাইয়ের দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। গণপ্রতিনিধিত্ব আদেশের ১২(৩) অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত দিন বা তার আগের যে কোনো দিন প্রার্থী নিজে অথবা তার প্রস্তাবকারী কিংবা সমর্থনকারী মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসার মনোনয়নপত্র গ্রহণ করবেন।
মনোনয়নপত্র গ্রহণের সময় নির্ধারিত স্থানে ক্রমিক নম্বর প্রদান করা হবে। রিটার্নিং অফিসার মনোনয়ন গ্রহণের ক্ষেত্রে ‘রিঅ-’ এবং সহকারী রিটার্নিং অফিসার ‘সরিঅ-’ লিখে নম্বর দেবেন। কোনো প্রার্থী একাধিক মনোনয়নপত্র জমা দিলে প্রথমটিতে পূর্ণ নম্বর দেওয়া হবে এবং পরবর্তী মনোনয়নপত্রগুলোতে বন্ধনীতে (ক), (খ) অথবা (১), (২) ব্যবহার করা হবে।
ইতোমধ্যে নির্বাচন কমিশন মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল, জামানত জমা, প্রস্তাবকারী ও সমর্থনকারীর যোগ্যতা, রাজনৈতিক দলের প্রার্থী মনোনয়ন, মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং বৈধ প্রার্থীর তালিকা প্রকাশসহ বিভিন্ন বিষয়ে একটি পরিপত্র জারি করেছে।
তথ্যসূত্র: যুগান্তর



