আপিল শুনানির প্রথম দিনে ৫১ প্রার্থীর প্রার্থিতা ফিরে পেল ইসি
৭০ আপিলের মধ্যে মঞ্জুর ৫২, নামঞ্জুর ১৫, মুলতবি ৩টি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই নিয়ে রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে করা আপিলের প্রথম দিনের শুনানি শেষে ৫১ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এ ছাড়া একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানি শেষে এ তথ্য জানান ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক।
৭০ আপিলের শুনানি, ফলাফল তাৎক্ষণিক ঘোষণা
এদিন সকাল ১০টা থেকে আপিল শুনানি শুরু হয়। দুপুরে এক ঘণ্টা বিরতির পর বিকাল ৫টা পর্যন্ত শুনানি চলে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন আপিল শুনানি গ্রহণ করেন।
শুনানিতে আপিলকারী প্রার্থী বা তাঁদের আইনজীবীরা মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের বিরুদ্ধে যুক্তি তুলে ধরেন। অপরদিকে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বা তাঁদের প্রতিনিধিরা মনোনয়নপত্র বাতিল কিংবা গ্রহণের পক্ষে ব্যাখ্যা দেন। শুনানি শেষে প্রতিটি আপিলের রায় তাৎক্ষণিকভাবে ঘোষণা করে নির্বাচন কমিশন।
৫২ আপিল মঞ্জুর, ১৫ নামঞ্জুর, ৩ মুলতবি
শুনানি শেষে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান,
আজ মোট ৭০টি আপিলের শুনানি হয়। এর মধ্যে—
- ৫২টি আপিল মঞ্জুর,
- ১৫টি আপিল নামঞ্জুর,
- ৩টি আপিল মুলতবি রাখা হয়েছে।
মুলতবি তিনটির মধ্যে একটি আপিল রোববার (১১ জানুয়ারি) বিকাল ৫টা পর্যন্ত এবং বাকি দুটি আপিল আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত মুলতবি থাকবে। এসব আপিলে তথ্যগত কিছু অসংগতি রয়েছে, যা রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে সংগ্রহ করা হবে বলে জানান তিনি।
একজনের মনোনয়ন বাতিল
মো. রুহুল আমিন মল্লিক জানান, মঞ্জুর হওয়া ৫২টি আপিলের মধ্যে ৫১টি ছিল মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে, ফলে ওই ৫১ জন প্রার্থী ইসির সিদ্ধান্তে তাদের প্রার্থিতা ফিরে পান।
অন্যদিকে, মনোনয়নপত্র গ্রহণের আদেশের বিরুদ্ধে করা একটি আপিল মঞ্জুর হওয়ায় রিটার্নিং কর্মকর্তার আগে গ্রহণ করা একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া বাকি ১৫টি আপিল নামঞ্জুর করা হয়েছে।
তথ্যসূত্র: বণিক বার্তা



