নির্বাচন
প্রধান খবর

৯ ফেব্রুয়ারি বিটিভিতে নির্বাচনি ভাষণ দেবেন তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রধান তারেক রহমান। আগামী ৯ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় এই গণমাধ্যমে তার নির্বাচনি ভাষণ সম্প্রচার করা হবে।

ইসির নির্দেশনায় বিটিভিকে চিঠি

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সই করা চিঠিতে বিটিভির মহাপরিচালককে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সমমুখী নির্বাচনী পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই পরিবেশ তৈরিতে রাষ্ট্রীয় গণমাধ্যমে সব রাজনৈতিক দলের জন্য সমান প্রচারের সুযোগ নিশ্চিত করাকে কমিশন বিশেষ গুরুত্ব দিচ্ছে।

আচরণ বিধিমালা অনুসারে স্লট নির্ধারণ

নির্বাচন কমিশন জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৬ (গ) অনুসরণ করে আবেদনের ক্রমানুসারে রাজনৈতিক দলগুলোর প্রধানদের ভাষণের স্লট নির্ধারণ করতে হবে।

ভাষণের সময়কাল, রেকর্ডিংয়ের তারিখ ও সময় বিটিভি সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এখনো আবেদন করেনি অন্য কোনো দল

ইসি জানায়, এখন পর্যন্ত বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল বিটিভিতে প্রচারণার জন্য আবেদন করেনি। বিএনপি আবেদন করায় দলটির প্রধান তারেক রহমানকে তাদের চাহিদামতো ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে ভাষণ দেওয়ার সুযোগ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

তবে ভবিষ্যতে অন্য কোনো দল আবেদন করলে, তাদেরও আবেদনের ক্রমানুসারে পর্যায়ক্রমে সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।

ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সেদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে

তথ্যসূত্র: বণিক বার্তা

এই বিভাগের অন্য খবর

Back to top button