নির্বাচন
প্রধান খবর

নির্বাচন ঘিরে নাগরিকদের তথ্যসেবায় চালু হলো ন্যাশনাল হেল্পলাইন ‌‌’৩৩৩’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নাগরিকদের জন্য সঠিক, নির্ভরযোগ্য ও যাচাইকৃত তথ্য নিশ্চিত করতে ন্যাশনাল হেল্পলাইন ‘৩৩৩’-এর বিশেষ তথ্যসেবা চালু করেছে সরকারি প্রোগ্রাম এসপায়ার টু ইনোভেট (এটুআই)। নির্বাচন কমিশনের সহযোগিতায় এই তথ্যসেবা কার্যক্রম শুরু করা হয়েছে।

গতকাল ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সেবার মূল লক্ষ্য হলো নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও নাগরিকবান্ধব করা।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের যেকোনো মোবাইল অপারেটর থেকে টোল-ফ্রি নম্বর ৩৩৩-এ কল করে ৯ প্রেস করলে নাগরিকরা সহজেই নির্বাচনসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাবেন। এই সেবার আওতায় ভোটাররা জানতে পারবেন-

  • ভোট প্রদানের নিয়ম ও পদ্ধতি
  • ভোটকেন্দ্রের অবস্থান
  • জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত তথ্য
  • নির্বাচনকালীন আচরণবিধি
  • প্রবাসীদের ভোট প্রদানের নিয়ম
  • প্রতিবন্ধী, প্রবীণ ও নারী ভোটারদের জন্য বিশেষ সুবিধা
  • জরুরি নির্দেশনা ও প্রয়োজনীয় যোগাযোগ নম্বর

এ ছাড়া নির্বাচন কমিশনের নির্ধারিত ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ব্যবহারের পদ্ধতি সম্পর্কেও বিস্তারিত তথ্য দেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৬ জানুয়ারি থেকে পাইলট আকারে চালু হওয়া এই বিশেষ তথ্যসেবার মাধ্যমে এ পর্যন্ত ১ হাজার ৬৪৩ জন নাগরিক প্রয়োজনীয় তথ্য ও সহায়তা নিয়েছেন।

একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতিসংক্রান্ত তথ্য গ্রহণ, সম্ভাব্য অস্থিরতা আগাম শনাক্তকরণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত অবহিত করার সহায়ক মাধ্যম হিসেবেও ৩৩৩-এর ৯ নম্বর ব্যবহারের সম্ভাবনা বিবেচনায় রয়েছে। তবে এটি সরাসরি পুলিশ কন্ট্রোল রুম হিসেবে কাজ করবে না। বরং এটি একটি ‘ইনফরমেশন ইনটেক, আর্লি ওয়ার্নিং অ্যান্ড ফরওয়ার্ডিং সিস্টেম’ হিসেবে পরিচালিত হবে এবং প্রয়োজন অনুযায়ী প্রাপ্ত তথ্য ৯৯৯ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

সংশ্লিষ্টদের মতে, জাতীয় হেল্পলাইন ৩৩৩-এর এই বিশেষ তথ্যসেবা নির্বাচনসংক্রান্ত বিভ্রান্তি, গুজব ও ভুল তথ্য প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে এবং একটি স্বচ্ছ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সহায়ক হবে।

তথ্যসূত্র: বণিক বার্তা

এই বিভাগের অন্য খবর

Back to top button