নির্বাচন
প্রধান খবর

নিজ এলাকার বাইরে যাতায়াতে ৮১ ঘণ্টার নিষেধাজ্ঞা ইসির

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে যেকোনো ব্যক্তির নিজ নির্বাচনী এলাকার বাইরে অবস্থানের ওপর ৮১ ঘণ্টার কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার ও মহানগর পুলিশের কমিশনারদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, নির্বাচনী কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত ব্যক্তি, নির্বাচন কমিশনের অনুমতিপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বাসিন্দা বা ভোটার ব্যতীত অন্য কোনো ব্যক্তি ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষের ২৪ ঘণ্টা পর পর্যন্ত ওই নির্বাচনী এলাকায় অবস্থান করতে পারবেন না।

এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে
১০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ৭টা থেকে ১৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

ইসি জানিয়েছে, বহিরাগত প্রভাব, ভয়ভীতি, সহিংসতা ও অনিয়ম রোধ করে ভোটারদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) একযোগে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button