নির্বাচন
প্রধান খবর

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে এনসিপির নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই আসনের জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ এই রিট দায়ের করেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) শামীম আহমেদের আইনজীবী মোহাম্মদ মজনু মোল্যা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। রিট আবেদনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিব, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার এবং প্রার্থী মো. নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে।

আবেদনে অভিযোগ করা হয়, মো. নাহিদ ইসলাম ২০২৫ সালের ২০ এপ্রিল ডমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন, যা বিদ্যমান নির্বাচনি আইন ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এ কারণে তার প্রার্থিতা আইনত বৈধ নয় বলে রিটে উল্লেখ করা হয়।

আইনজীবী মোহাম্মদ মজনু মোল্যা জানান, আগামীকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনের শুনানি অনুষ্ঠিত হতে পারে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১, ২২, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড এবং সবুজবাগ এলাকার ২৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৭৭ জন, নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ১৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।

এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির এম এ কাইয়ুম, এনসিপির মো. নাহিদ ইসলাম, জাতীয় পার্টির শামীম আহমেদ, স্বতন্ত্র প্রার্থী কহিনূর আক্তার বীথি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কাজী মো. শহীদুল্লাহ, গণফোরামের মো. আবদুল কাদের, গণঅধিকার পরিষদের মো. আরিফুর রহমান, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. জাকির হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির মো. মিজানুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ।

তথ্যসূত্র: টিবিএস

এই বিভাগের অন্য খবর

Back to top button