
আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের ভেতরে ভোটার, প্রার্থী ও পোলিং এজেন্টরা মোবাইল ফোন বহন করতে পারবেন। তবে ভোট দেওয়ার গোপন কক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ইসি সচিব বলেন, ভোটার, প্রার্থী ও এজেন্টরা মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন এবং ছবি তুলতেও পারবেন। তবে কোনো অবস্থাতেই গোপন কক্ষের ভেতরে মোবাইল ফোন নেওয়া বা সেখানে ছবি তোলা যাবে না।
এর আগে গত রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ভোটকেন্দ্রের চারশ গজ ব্যাসার্ধের মধ্যে সাধারণ ভোটারসহ কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। আজকের বক্তব্যে নির্বাচন কমিশন সেই সিদ্ধান্ত থেকে সরে আসার বিষয়টি স্পষ্ট করল।
নির্বাচনী প্রস্তুতি ও প্রচারণা প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, ভোট নিয়ে কোনো শঙ্কা নেই এবং সময়ও খুব বেশি বাকি নেই। আগামীকাল সকাল থেকে সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ হয়ে যাবে। সামাজিক যোগাযোগমাধ্যমে যেন কোনো প্রচারণা না হয়, সেদিকেও কঠোর নজরদারি থাকবে এবং ডিজিটাল প্রচারণা নিবিড়ভাবে মনিটরিং করা হবে।
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে ইসি সচিব বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি ভালো রয়েছে এবং মারাত্মক কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। তবে দুটি প্রাণহানির ঘটনা ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় বলে মন্তব্য করেন তিনি।
তথ্যসূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড



