নির্বাচন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ বন্ধ করল ইসি

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পাওয়ার সুযোগ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে কোনো আসনে একজন প্রার্থী থাকলেও তাকে ‘না’ ভোটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।

সোমবার (১১ আগস্ট) সন্ধ্যায় কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটে অনিয়ম হলে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা ফিরিয়ে আনা হয়েছে এবং গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করে ‘না’ ভোটের বিধান পুনর্বহাল করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না বলেও জানান তিনি।

সানাউল্লাহ আরও বলেন, হলফনামায় দেওয়া তথ্য মিথ্যা প্রমাণিত হলে নির্বাচিত হওয়ার পর পাঁচ বছরের মেয়াদ পর্যন্ত কমিশন ব্যবস্থা নিতে পারবে এবং প্রয়োজনে সদস্যপদও বাতিল করতে পারবে। প্রার্থীরা ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদান নিতে পারবেন, তবে তা অবশ্যই ব্যাংকের মাধ্যমে হতে হবে। এছাড়া জোটবদ্ধভাবে নির্বাচন করলেও প্রার্থীদের দলীয় প্রতীকে ভোট করতে হবে।

তিনি জানান, নিবন্ধনের জন্য আবেদন করা ৮৪টি নতুন দলের মধ্যে ২২টি দল বিবেচনায় এসেছে এবং এসব দলের মাঠ পর্যায়ে যাচাই-বাছাই চলছে। একই সঙ্গে ৮৩টি সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে আপত্তি পাওয়া গেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button