বিনোদন
প্রধান খবর

‘চিরদিনই তুমি যে আমার’ অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় আর নেই

টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (রাহুল ব্যানার্জী) মারা গেছেন। ভারতের তালসারি সৈকত-এ শুটিং চলাকালে দুর্ঘটনায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর।

জানা গেছে, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের জন্য সিরিয়ালের পুরো টিম দিঘার তালসারি সৈকতে গিয়েছিল। শুটিং চলছিল সকাল থেকেই। রাহুলের শুটিং ছিল পরে, তখন পর্যন্ত অন্যান্য শিল্পীরা শুটিং শেষ করে চলে যান।

একটি নৌকা-বিহারের দৃশ্য ধারণের সময় রাহুল নৌকায় ছিলেন এবং তার সঙ্গে কয়েকজন টেকনিশিয়ানও ছিলেন। হঠাৎ তিনি নৌকা থেকে পানিতে পড়ে তলিয়ে যান। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করেন।

পরে দ্রুত তাকে দিঘা জেনারেল হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ধারাবাহিকে তার সহশিল্পী ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, সেদিন বিকেল তিনটার দিকে শুটিং শেষ করে তিনি তালসারি থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পর জানতে পারেন রাহুল পানিতে ডুবে গেছেন এবং পরে তার মৃত্যুর খবর আসে। তিনি আরও বলেন, এ ঘটনায় কোনো ধরনের মাদকাসক্তির বিষয় জড়িত ছিল না।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় বড় পর্দায় অভিনয় শুরু করেন চিরদিনই তুমি যে আমার সিনেমার মাধ্যমে। এই ছবিতে তার সহশিল্পী ছিলেন প্রিয়াঙ্কা সরকার। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা বিয়ে করেন। তাদের এক ছেলে রয়েছে।

সম্প্রতি তাকে ‘ঠাকুমার ঝুলি’ ওয়েব সিরিজে দেখা গিয়েছিল। এছাড়া ২০২৫ সালের ‘অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ ছবিতেও অভিনয় করেছিলেন তিনি।

এই মর্মান্তিক ঘটনায় টালিউডসহ সমগ্র বাংলা চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

সূত্র: নিউজ১৮বাংলা

এই বিভাগের অন্য খবর

Back to top button