বড়পর্দায় মুক্তি পাচ্ছে ‘পিকি ব্লাইন্ডার্স’
অস্কারজয়ী অভিনেতা কিলিয়ান মারফি আবারও টমাস শেলবি চরিত্রে; ২০ মার্চ স্ট্রিমিংয়ে আসবে সিনেমাটি

বিশ্বজুড়ে আলোড়ন তোলা জনপ্রিয় ব্রিটিশ ক্রাইম ড্রামা সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’-এর ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। এবার বড়পর্দায় ফিরছে বার্মিংহামের সেই আলোচিত গ্যাংস্টার দল। সিরিজটির স্পিন-অফ সিনেমা ‘পিকি ব্লাইন্ডার্স: দ্য ইমমোরটাল ম্যান’ শিগগিরই মুক্তি পাচ্ছে।
প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ের প্রেক্ষাপটে ইংল্যান্ডের বার্মিংহাম শহরে কল্পিত এক গ্যাংস্টার পরিবারের গল্প নিয়ে নির্মিত হয়েছিল টিভি সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’। বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই সিরিজের ধারাবাহিকতা নিয়েই নির্মিত হয়েছে নতুন সিনেমাটি।
সিনেমাটিতে অস্কারজয়ী অভিনেতা কিলিয়ান মারফি আবারও তার আইকনিক চরিত্র টমাস শেলবি হিসেবে পর্দায় ফিরছেন। বিষয়টি দর্শকদের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি করেছে।
সম্প্রতি স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স সিনেমাটির একটি টিজার প্রকাশ করেছে। টিজারে ইঙ্গিত মিলেছে যে সিনেমাটি মূল সিরিজের গল্পের ধারাবাহিকতা বজায় রাখবে। তবে কাহিনির বিস্তারিত এখনো গোপন রাখা হয়েছে।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, আগামীকাল শুক্রবার (৬ মার্চ) বিশ্বের বিভিন্ন দেশে সিনেমাটি মুক্তি পাবে। অন্যদিকে, আগামী ২০ মার্চ এটি নেটফ্লিক্সে স্ট্রিমিংয়ের জন্য উন্মুক্ত করা হবে।
সিনেমাটিতে টমির বোন অ্যাডা থর্ন চরিত্রে আবারও অভিনয় করেছেন সোফি রান্ডেল। শেলবি পরিবারের সহযোগী হেইডেন স্ট্যাগ ও চার্লি স্ট্রং চরিত্রে দেখা যাবে যথাক্রমে স্টিফেন গ্রাহাম ও নেড ডেনেহিকে। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নবাগত রেবেকা ফার্গুসন, ব্যারি কেওগান, টিম রথ ও জে লাইকারগো।
সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা টম হার্পার, যিনি এর আগে ‘পিকি ব্লাইন্ডার্স’ সিরিজের বেশ কয়েকটি পর্ব পরিচালনা করেছিলেন।
উল্লেখ্য, ২০১৩ সালে বিবিসিতে প্রথম সম্প্রচারিত হয় ‘পিকি ব্লাইন্ডার্স’। পরে এর মার্কিন স্বত্ব কিনে নেয় নেটফ্লিক্স। সিরিজটির ক্রিয়েটর ও চিত্রনাট্যকার ছিলেন স্টিভেন নাইট।
সূত্র: বিডি প্রতিদিন



