জ্বালানি সংকট মোকাবিলায় ১ লাখ টন ডিজেল আমদানি, রাশিয়া থেকে আসছে ৩৫ হাজার টন সার

মধ্যপ্রাচ্যের সংঘাতজনিত বৈশ্বিক অস্থিরতার মধ্যে দেশের জ্বালানি চাহিদা মেটাতে আরও ১ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে রাশিয়া থেকে ৩৫ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানিরও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৯তম বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে মোট ১২টি প্রস্তাব ও একটি প্রেজেন্টেশন উপস্থাপন ও আলোচনা করা হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবে বলা হয়, ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে উদ্ভূত অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতিতে জরুরি জ্বালানি চাহিদা পূরণে আন্তর্জাতিক ক্রয়ের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১ লাখ মেট্রিক টন ডিজেল আমদানি করা হবে।
এ লক্ষ্যে মাজেদা অয়েল কোম্পানি লিমিটেড-এর কাছ থেকে ডিজেল কেনা হবে, যার মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৭৫৭ কোটি ৯৪ লাখ ২০ হাজার টাকা।
অন্যদিকে কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবে, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন-এর সঙ্গে জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন-এর বিদ্যমান চুক্তির আওতায় ১০ম লটে ৩৫ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
এতে মোট ব্যয় হবে ১৫৬ কোটি ৭৩ লাখ ৭৬ হাজার ৫৬০ টাকা।
সরকার বলছে, জ্বালানি ও কৃষি খাতে সরবরাহ স্বাভাবিক রাখতে এসব আমদানি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তথ্যসূত্র: চ্যানেল ২৪



