ব্যাংক খাতে খেলাপি ঋণ প্রায় ৬ লাখ কোটি টাকা, মোট ঋণের ৩২ শতাংশ: অর্থমন্ত্রী

চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা। এটি ব্যাংকিং খাতে বিতরণ করা মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ। গত পাঁচ বছরের পরিসংখ্যানে খেলাপি ঋণের পরিমাণ ধারাবাহিকভাবে বাড়তে দেখা গেছে।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২১ সালে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৯৪ হাজার ৩০৬ কোটি ২১ লাখ টাকা, যা মোট ঋণের ৭ দশমিক ২৪ শতাংশ। ২০২২ সালে তা বেড়ে দাঁড়ায় ১ লাখ ১২ হাজার ৯০১ কোটি ৮২ লাখ টাকা বা মোট ঋণের ৭ দশমিক ৬৪ শতাংশে। ২০২৩ সালে খেলাপি ঋণ ছিল ১ লাখ ৩৫ হাজার ৭১০ কোটি ৪৫ লাখ টাকা, যা মোট ঋণের ৮ দশমিক ৩৯ শতাংশ।
২০২৪ সালে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৩ লাখ ৫ হাজার ৭৩ কোটি ৩৮ লাখ টাকা বা মোট ঋণের ১৭ দশমিক ৮৩ শতাংশে। ২০২৫ সালে তা আরও বেড়ে হয় ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা, যা মোট ঋণের ২৯ দশমিক ৯২ শতাংশ।
জামায়াতের আরেক সংসদ সদস্য কামরুল হাসানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক চলতি বছর কয়েকটি গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকারভিত্তিক পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি কাঠামোগত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পদক্ষেপের লক্ষ্য ব্যাংকভিত্তিক খেলাপি ঋণ কমানো, দীর্ঘদিনের অনিষ্পন্ন খেলাপি ঋণ দ্রুত নিষ্পত্তি, ব্যাংকের ব্যালেন্স শিট পরিষ্কার করা এবং ঋণ পুনরুদ্ধার ও সমস্যাগ্রস্ত সম্পদ ব্যবস্থাপনায় কার্যকর প্রাতিষ্ঠানিক ও আইনগত কাঠামো গড়ে তোলা।
অর্থমন্ত্রী বলেন, যেসব ব্যাংকের শ্রেণিকৃত ঋণের হার ১০ শতাংশের বেশি, সেসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা এবং নিবিড় তদারকি করা হচ্ছে। এসব আলোচনায় খেলাপি ঋণ বৃদ্ধির কারণ, ঋণ আদায়ের প্রতিবন্ধকতা এবং সেগুলো দূর করতে ব্যাংকভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হচ্ছে। কর্মপরিকল্পনার অগ্রগতিও নিয়মিত পর্যালোচনা করা হবে।
তিনি জানান, দীর্ঘদিনের অনাদায়ি এবং প্রচলিত পদ্ধতিতে আদায়ের সম্ভাবনা কম-এমন ঋণ দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ এককালীন এক্সিট সুবিধা (Special One-time Exit Facility) চালু করা হয়েছে। নির্দিষ্ট শর্তে ঋণগ্রহীতারা চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত এ সুবিধায় ঋণ নিষ্পত্তির সুযোগ পাবেন। এর মাধ্যমে দীর্ঘদিনের অনিষ্পন্ন ও খেলাপি ঋণের সমাধান এবং ব্যাংকের ব্যালেন্স শিট থেকে সমস্যাগ্রস্ত সম্পদ নিষ্পত্তি সহজ হবে।
মাথাপিছু আয় ও জিডিপি প্রবৃদ্ধি
বিএনপির সংসদ সদস্য আনিছুর রহমানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে সাময়িক হিসাবে দেশের মাথাপিছু আয় ৩ হাজার ২০ মার্কিন ডলার। ২০২৪-২৫ অর্থবছরে এ আয় ছিল ২ হাজার ৭৬৯ ডলার।
একই সাময়িক হিসাবে ২০২৫-২৬ অর্থবছরে প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১৪ শতাংশ। আগের অর্থবছরে এ প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৪৯ শতাংশ।
বৈদেশিক সহায়তা ছাড় কমেছে ৬০ শতাংশ
এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, দেশের অর্থনীতি শক্তিশালী করতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং বৈদেশিক প্রকল্প সহায়তার সঠিক ব্যবহার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে বৈদেশিক সহায়তা ছাড়ের পরিমাণ ৬০ শতাংশ কমেছে।
এর অন্যতম কারণ হিসেবে তিনি দেশের অভ্যন্তরীণ প্রায় দুই বছরের অস্থিতিশীলতা এবং বহির্বিশ্বের সংকটময় পরিস্থিতির কথা উল্লেখ করেন। এসব কারণে প্রকল্প বাস্তবায়নে ধীরগতি তৈরি হওয়ায় বৈদেশিক সহায়তা ছাড় কমেছে।
অর্থমন্ত্রী বলেন, এ পরিস্থিতিতে অর্থছাড় বাড়াতে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থার সঙ্গে সভা আয়োজন, প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্টদের অবহিত করা এবং প্রকল্পের অগ্রগতি সম্পর্কে নিয়মিত তথ্য-উপাত্ত সংগ্রহের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রথম প্রান্তিকে রাজস্ব আদায় ৯২ হাজার ৫২৫ কোটি টাকা
খেলাফত মজলিসের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সাময়িক হিসাবে মোট ৯২ হাজার ৫২৫ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। এর মধ্যে আয়কর ৩৩ হাজার ৪৪ কোটি, মূল্য সংযোজন কর (ভ্যাট) ২৮ হাজার ৭৯০ কোটি, আবগারি শুল্ক ৫৬০ কোটি এবং আমদানি-রপ্তানি কর ৩০ হাজার ১৩০ কোটি টাকা।
এ আদায় নির্ধারিত ১ লাখ ৩৪ হাজার ৩৯৬ কোটি টাকার লক্ষ্যমাত্রার ৬৮ দশমিক ৬৮ শতাংশ।
একই সংসদ সদস্যের আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক লেনদেনের ভারসাম্য হিসাব অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে ১ হাজার ১৮৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এ সময়ে পণ্য আমদানিতে ব্যয় হয়েছে ১ হাজার ৯৩৩ কোটি ১০ লাখ ডলার।
২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে রপ্তানি আয় ছিল ১ হাজার ১০৮ কোটি ৫০ লাখ ডলার এবং আমদানি ব্যয় ছিল ১ হাজার ৬৮০ কোটি ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় প্রায় ৭ শতাংশ এবং আমদানি ব্যয় ১৫ দশমিক ১ শতাংশ বেড়েছে।
অক্টোবরে মূল্যস্ফীতি ৮ দশমিক ২৭ শতাংশ
কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলামের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা সরকারের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি, সার, পরিবহন ও বিমা ব্যয় বৃদ্ধি; আমদানিনির্ভর পণ্যের বৈদেশিক মূল্য ও বিনিময় হারের ওঠানামা; মৌসুমি উৎপাদন ও সরবরাহের অনিশ্চয়তা এবং বিপণন ও পরিবহন ব্যয়ের কারণে দেশের বাজারে মূল্যচাপ তৈরির ঝুঁকি রয়েছে। পাশাপাশি মজুতদারি ও কৃত্রিম সংকট তৈরির প্রবণতা নিয়ন্ত্রণ করাও গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, বিবিএসের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবরে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৭ শতাংশ। এ সময়ে খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৪০ শতাংশে এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৮৯ শতাংশে। সেপ্টেম্বরে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ।
অর্থমন্ত্রী জানান, মূল্যস্ফীতি টেকসইভাবে কমিয়ে জনগণের ক্রয়ক্ষমতার ওপর চাপ হ্রাস করা সরকারের অগ্রাধিকার। চলতি অর্থবছরে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে সরকারের। এ জন্য সংসদে সরকারের বিভিন্ন পদক্ষেপও তুলে ধরেন তিনি।
বৈদেশিক ঋণ গ্রহণে সতর্কতা
বিএনপির সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সরকার গঠনের পর থেকেই বৈদেশিক ঋণ সহনীয় পর্যায়ে রাখতে কাজ করছে বর্তমান সরকার। নতুন কোনো প্রকল্প বৈদেশিক ঋণে বাস্তবায়নের আগে প্রকল্প প্রস্তাব ও সংশ্লিষ্ট ঋণ প্রস্তাব পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে, যাতে অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করা না হয়।
তিনি বলেন, বৈদেশিক ঋণের প্রকল্পগুলো যেন ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন ও পুনরুদ্ধারে সরকারের লক্ষ্য এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, সেদিকে নজর রাখা হচ্ছে। বিশেষ করে উচ্চ সুদ ও স্বল্পমেয়াদি অনমনীয় শর্তের বৈদেশিক ঋণ গ্রহণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
অর্থমন্ত্রী জানান, বর্তমান সরকার ২০২৬ সালের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ২ হাজার ৯৫০ দশমিক ৫২ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে।
বিএনপির সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, গত ৩০ জুন পর্যন্ত সরকারের মোট আনুমানিক ঋণের পরিমাণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা। এর মধ্যে বৈদেশিক ঋণ আনুমানিক ১০ লাখ ৩২৫ কোটি টাকা এবং অভ্যন্তরীণ ঋণ ১৩ লাখ ৩৭ হাজার ২৫০ কোটি টাকা।
নির্দিষ্টকরণ আইন অনুযায়ী, চলতি অর্থবছরে ঋণ পরিশোধের জন্য মূলধন ও সুদ বাবদ ৮ লাখ ৮ হাজার ৭৭৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
চার প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই দেওয়ার সিদ্ধান্ত
বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বাংলাদেশে শাখাবিহীন ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য আবেদন করা প্রতিষ্ঠানগুলোর দলিলাদি আরও যাচাই-বাছাই, প্রস্তাবিত স্পনসর ও পরিচালকদের যোগ্যতা ও উপযুক্ততা যাচাই, বিদ্যমান আইন ও বিধিবিধান পরিপালন এবং পাইলটিং কার্যক্রম পরিচালনায় সম্মতির শর্তে চারটি প্রতিষ্ঠানকে লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
প্রতিষ্ঠানগুলো হলো-ডিকে লিমিটেড, বিকাশ ডিজিটাল ব্যাংক পিএলসি, বুস্ট ডিজিটাল ব্যাংক পিএলসি ও নোভা ডিজিটাল ব্যাংক। এ ছাড়া প্রযোজ্য ক্ষেত্রে সরকারের কাছ থেকে শেয়ার ধারণের নির্ধারিত সীমায় ছাড় নেওয়ার শর্তও রয়েছে।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান বিধিবিধান অনুযায়ী ডিজিটাল ব্যাংকগুলো গ্রাহকসেবার বিপরীতে কমিশন ও ফি নির্ধারণ করবে। ডিজিটাল মাধ্যমে ব্যাংকিং সেবা দেওয়া হবে বলে এসব কমিশন ও ফি কমার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া বিএনপির সংসদ সদস্য লুৎফর রহমান কাজলের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, গত পাঁচ বছরে (২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত) দেশের স্থলবন্দরগুলো থেকে ৪৮ হাজার ৬৪৩ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে।
তথ্যসূত্র: আজকের পত্রিকা



