অর্থ ও বানিজ্য
প্রধান খবর

রমজান সামনে রেখে খেজুর, আপেল ও মাল্টা আমদানিতে শুল্ক কমাল সরকার

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে খেজুর, আপেল ও মাল্টা আমদানিতে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। খেজুর আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ শুল্ক কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। অন্যদিকে আপেল ও মাল্টার মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ থেকে কমিয়ে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

রোববার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়েছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খেজুর আমদানির ক্ষেত্রে ১০ মার্চ ২০২৭ পর্যন্ত বিদ্যমান ২৫ শতাংশ কাস্টমস শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত এইচএস কোড ০৮০৫১০৯০-ভুক্ত অরেঞ্জ (মাল্টা) এবং এইচএস কোড ০৮০৮১০৯০-ভুক্ত আপেল আমদানিতে বিদ্যমান মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশের পরিবর্তে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এদিকে, মন্ত্রিসভার বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। প্রস্তাবিত আইনটি আগে সংশোধন করে অধ্যাদেশ জারি করা হয়েছিল। চলমান সংসদ অধিবেশনে অধ্যাদেশটি আইনে পরিণত করার লক্ষ্যে মন্ত্রিসভায় উপস্থাপন করা হয় বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

তথ্যসূত্র: দি ডেইলি স্টার

এই বিভাগের অন্য খবর

Back to top button