অর্থ ও বানিজ্য
প্রধান খবর

মে মাসে ১৯ জাহাজে দেশে আসছে সাড়ে ৫ লাখ টনের বেশি জ্বালানি

চলতি মে মাসে চট্টগ্রাম বন্দরে মোট ১৪টি তেলবাহী জাহাজ এসেছে। এছাড়া মাসের বাকি দিনগুলোতে আরও ৫টি জাহাজ বন্দরে নোঙর করবে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।

শুক্রবার (১৫ মে) বিপিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশনস) মোহাম্মদ জাহিদ হোসাইন এ তথ্য জানান।

বিপিসির তথ্যমতে, মে মাসে আসা ও আসতে যাওয়া মোট ১৯টি জাহাজে রয়েছে-

  • ৩ লাখ ৮৫ হাজার মেট্রিক টন ডিজেল
  • ৬৭ হাজার টন জেট ফুয়েল
  • ২৬ হাজার ৫০০ টন অকটেন
  • ৭৫ হাজার টন ফার্নেস অয়েল

তিনি জানান, আগামী জুন মাসের জন্য এখন পর্যন্ত পরিশোধিত ও অপরিশোধিত তেলবাহী ১৬টি জাহাজ নিশ্চিত করা হয়েছে।

বিপিসি বলছে, দেশের জ্বালানি চাহিদা পূরণে সরকার নিয়মিতভাবে তেল আমদানি করছে এবং বর্তমানে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে।

এদিকে ‘এমটি ফসিল’ নামে একটি জাহাজ ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে গত সোমবার চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেছে।

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে জাহাজটি আগামী ২৩ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে।

এর আগে গত ৬ মে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে ‘এমটি নিনেমিয়া’ নামের আরেকটি তেলবাহী জাহাজ কুতুবদিয়া চ্যানেলে পৌঁছায়।

তথ্যসূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button