বিদ্যুৎ ও শিল্প খাতে সরবরাহ নিশ্চিত করতে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানি করবে সরকার

দেশের জ্বালানি চাহিদা পূরণে আগামী তিন মাসে (জুন-আগস্ট) প্রায় ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানি করবে সরকার। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এসব জ্বালানি তেল কেনা হবে।
বুধবার (১০ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে এসব তেল আমদানি করবে। এর মধ্যে থাকবে গ্যাস অয়েল, জেট ফুয়েল, ফার্নেস অয়েল এবং গ্যাসোলিন।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, চারটি প্যাকেজে মোট জ্বালানি তেল আমদানির ব্যয় ধরা হয়েছে ১৭ হাজার ৩৩ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বড় সরবরাহ আদেশ পেতে যাচ্ছে ইউনিপেক সিঙ্গাপুর, যার চুক্তিমূল্য প্রায় ৭ হাজার ৬৭৩ কোটি টাকা। পাশাপাশি ভিটল এশিয়া দুটি প্যাকেজে প্রায় ৭ হাজার ৪৬১ কোটি টাকার সরবরাহ করবে।
সরকার জানিয়েছে, বিদ্যুৎ উৎপাদন, শিল্প ও পরিবহন খাতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত আমদানির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী জুন থেকে আগস্ট পর্যন্ত সময়ে দেশের জ্বালানি মজুত ও সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে এসব তেল আমদানি করা হবে।
তথ্যসূত্র: যুগান্তর
