
রিপন দাস, বগুড়াঃ বগুড়ার মহাস্থানহাটে আগাম শীতকালীন সবজির বাজারে ধস নেমেছে। সরবরাহ বৃদ্ধি, বাম্পার ফলন এবং পাইকারি ক্রেতার সংকটে দরপতন হয়েছে অধিকাংশ সবজির। ফলে উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন কৃষক। বাজারে এক কেজি নিম্নমানের মূলা বিক্রি হচ্ছে মাত্র ৫ টাকায়। তুলনামূলক ভালো মানের বড় ও ধবধবে সাদা মূলার দামও কেজিতে ১০ টাকার বেশি নয়। ফুলকপি পাওয়া যাচ্ছে ৮ থেকে ১০ টাকায়। দেড় কেজি ওজনের একটি বাঁধাকপির দাম ১৫ টাকারও কম।
উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ সবজির পাইকারি বাজার বগুড়ার মহাস্থানহাটে সরেজমিনে দেখা যায়, বাঁধাকপি, ফুলকপি, বেগুন, টমেটোসহ বিভিন্ন শীতকালীন সবজি নিয়ে বসে আছেন বিক্রেতারা। কিন্তু ক্রেতার উপস্থিতি খুবই কম। ১৫ দিন আগেও যে আকার ও মানের একটি বাঁধাকপি ২০ থেকে ২২ টাকায় বিক্রি হয়েছে, এখন ১৫ টাকাতেও তা কেনার লোক পাওয়া যাচ্ছে না।
টমেটোর বাজারেও দেখা দিয়েছে স্থবিরতা। দেশি টমেটো প্রতি কেজি ১১০ টাকা এবং ভারত থেকে আমদানি করা টমেটো ১০০ টাকায় বিক্রি হচ্ছে। তুলনামূলক কম দামে আমদানি করা টমেটো পাওয়ায় দেশি টমেটোর প্রতি ক্রেতাদের আগ্রহ কম। তবে বগুড়ার রাজা বাজারে খুচরা বিক্রি হচ্ছে আকার ও মানভেদে কেজিতে ১৫ টাকা থেকে ২০ পর্যন্ত বেশি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এ বছর বন্যার প্রকোপ কম থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে আগাম শীতকালীন সবজির আবাদ বেড়েছে। একই সঙ্গে অনুকূল আবহাওয়া ও ভালো ফলনের কারণে বিঘাপ্রতি গড় উৎপাদনও বেড়েছে প্রায় ৩ মণ। ফলে একযোগে বাজারে সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছে।
বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সোহেল মোঃ শামসুদ্দীন ফিরোজ জানান, দেশের অন্যান্য এলাকার মতো বগুড়াতেও এবার বন্যার প্রকোপ কম ছিল। এ কারণে নিচু এলাকাসহ বিভিন্ন স্থানে ব্যাপকভাবে সবজি চাষ হয়েছে। আবাদি জমির পরিমাণ বৃদ্ধির পাশাপাশি ফলন ভালো হওয়ায় পাইকারি ও খুচরা বাজারে আগাম শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে।
তিনি বলেন, এ বছর বগুড়ায় আগাম শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৯ হাজার ৬১২ বিঘা জমিতে। সেখানে আবাদ হয়েছে ২০ হাজার ৬২৫ বিঘায়। বিঘাপ্রতি গড় ফলন ৬৬ মণ নির্ধারণ করা হলেও উৎপাদন হয়েছে প্রায় ৭০ মণ।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, বগুড়ায় এবার শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯৭ হাজার ৫০০ হেক্টর জমিতে। এ ছাড়া ফুলকপি, বাঁধাকপি ও টমেটোসহ বিভিন্ন শীতকালীন সবজির আবাদ লক্ষ্যমাত্রার চেয়ে বেড়েছে। সারা দেশে এ বছর শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৪৮ লাখ বিঘা জমিতে। ফলন ভালো হওয়ায় উৎপাদন ৩ কোটি ১৬ লাখ মণ ছাড়াতে পারে বলে আশা করছেন কৃষি কর্মকর্তারা।
তবে উৎপাদন বাড়লেও কৃষকের মুখে হাসি নেই। বরং বাজারদরের পতনে অনেক কৃষককে গুনতে হচ্ছে লোকসান।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর এলাকার কৃষক আব্দুল রহমান ও মোঃ হানিফ উদ্দিন জানান, দুই বিঘা জমিতে ফুলকপি চাষে খরচ হয়েছে প্রায় ৫০ থেকে ৫৫ হাজার টাকা। মৌসুমের শুরুতে কিছু কপি বিক্রি করে উৎপাদন খরচ উঠেছে। তবে বর্তমানে প্রতি মণে লোকসান হচ্ছে প্রায় ৪শ থেকে ৫শ টাকা পর্যৃন্ত।
বগুড়ার রাজা বাজারে সবজি বিক্রি করতে আসা গাবতলী উপজেলার নারুয়ামালা গ্রামের মোঃ হাবিবুর রহমান বলেন, এবার আগাম শীতকালীন সবজির দরপতন হয়েছে শুরু থেকে। তবে প্রথম দফায় কিছু সবজির লাভ হলেও এখন প্রতি মণে লোকসান হচ্ছে প্রায় ৫শ টাকা।
গাবতলী উপজেলার বিভিন্ন গ্রামেও ব্যাপকভাবে শীতকালীন সবজির আবাদ হয়েছে। সেখানকার কৃষকদের অভিযোগ, গত বছরের তুলনায় এবার উৎপাদন খরচ বেড়েছে। অথচ মৌসুমের শুরু থেকেই সবজির বাজার মন্দা। গত বছর আগাম সবজি বিক্রি করে কিছুটা লাভের মুখ দেখলেও এবার শুরু থেকেই হতাশ হতে হচ্ছে তাঁদের।
অন্যদিকে বগুড়া সদর উপজেলার বিভিন্ন গ্রামেও সারা বছর সবজি চাষ হয়। আগাম শীতকালীন সবজির একটি বড় অংশ আসে এ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে। কয়েক দিন আগেও প্রতি মণ শিম বিক্রি হয়েছে ৩ হাজার টাকার বেশি। কিন্তু এক সপ্তাহের ব্যবধানে সেই শিমের দাম নেমে এসেছে প্রতি মণে দেড় হাজার টাকায়। তবে খুচরা বাজারে প্রতিকেজি শিম বিক্রি হচ্ছে ৬০ টাকার বেশি।
কৃষকদের মতে, একদিকে উৎপাদন খরচ বৃদ্ধি, অন্যদিকে বাজারে সরবরাহ বেড়ে যাওয়া এবং পাইকারি ক্রেতার অভাবে তাঁরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। মৌসুমের শুরুতেই এমন দরপতন অব্যাহত থাকলে শীতকালীন সবজি চাষে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে তাঁদের।


