
বাংলাদেশ সরকারের টিকাদান কর্মসূচিকে সহায়তা এবং ইপিআই কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা অনুদান হিসেবে দিয়েছে।
বুধবার (১৩ মে) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই টিকা হস্তান্তর করা হয়।
অনুদান হিসেবে দেওয়া টিকার নাম ‘পোলিওমাইলাইটিস ভ্যাকসিন (ভেরো সেল, ইনঅ্যাকটিভেটেড সাবিন স্ট্রেইনস)’ বা সংক্ষেপে এসআইপিভি (sIPV)। মোট ৭৬ হাজার ভায়ালে ৩ লাখ ৮০ হাজার ডোজ টিকা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকা গ্রহণ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
এ সময় চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র: বাংলা নিউজ ২৪

