আন্তর্জাতিক খবর

লিবিয়া উপকূলে নৌকাডুবি: ৪ বাংলাদেশিসহ বহু অভিবাসীর মৃত্যু

লিবিয়া উপকূলে অভিবাসী বহনকারী দুটি নৌকা ডুবে অন্তত চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে লিবিয়ান রেড ক্রিসেন্ট।

রবিবার আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ডুবে যাওয়া প্রথম নৌকাটিতে ছিলেন ২৬ জন বাংলাদেশি। তাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রেড ক্রিসেন্ট জানিয়েছে, দ্বিতীয় নৌকাটিতে মোট ৬৯ জন অভিবাসী ছিলেন—এর মধ্যে মিশরীয়, সুদানীসহ আট শিশু ছিল। তবে শিশুদের ভাগ্যে কী ঘটেছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

প্রতিবেদনে বলা হয়, রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ১১৮ কিলোমিটার দূরে আল-খুমস উপকূলের কাছে নৌকাডুবির ঘটনাগুলো ঘটে।

এক বিবৃতিতে জানানো হয়, কোস্টগার্ড ও আল-খুমস বন্দর নিরাপত্তা সংস্থা যৌথভাবে উদ্ধার তৎপরতা চালায়। উদ্ধার করা মরদেহ শহরের পাবলিক প্রসিকিউশনের নির্দেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছিল, লিবিয়ার উত্তর-পশ্চিম উপকূলে আল বুরি তেলক্ষেত্রের কাছে আরেকটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় কমপক্ষে ৪২ জন নিখোঁজ রয়েছেন। নৌকাটিতে থাকা সবার মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

গত অক্টোবর ত্রিপোলির পশ্চিম উপকূলে ৬১ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সেপ্টেম্বরে ৭৫ জন সুদানী শরণার্থী নিয়ে যাওয়া একটি নৌকায় আগুন লাগলে অন্তত ৫০ জন প্রাণ হারান।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button