আন্তর্জাতিক খবর

আবারও কমলো জ্বালানি তেলের দাম

রাশিয়ার নভোরোসিস্ক রপ্তানি বন্দরে দুই দিনের বিরতির পর তেল লোডিং পুনরায় শুরু হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। ইউক্রেনের হামলায় স্থবির হয়ে থাকা বন্দরে লোডিং চালু হওয়ায় সরবরাহ নিয়ে অনিশ্চয়তা আংশিক কাটছে।

বাজারে ব্রেন্ট ১৯ সেন্ট বা ০.৩% এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ১৮ সেন্ট বা ০.৩% কমেছে। গত শুক্রবার নভোরোসিস্ক ও ক্যাসপিয়ান পাইপলাইন টার্মিনালে রপ্তানি বন্ধ থাকায় দাম ২%-এর বেশি বেড়েছিল। বিশ্লেষকদের মতে, লোডিং পুনরায় শুরুর খবরটিই স্বল্পমেয়াদে দাম কমার কারণ।

তবে ইউক্রেনের হামলার ঝুঁকি এখনো বাজারে অস্থিরতা তৈরি করছে। ইউক্রেনীয় বাহিনী শনিবার রাশিয়ার Ryazan তেল পরিশোধক এবং রবিবার Novokuibyshevsk পরিশোধককে লক্ষ্য করেছে। পাশাপাশি, মার্কিন নিষেধাজ্ঞার ফলে লুকয়েল ও রোসনেফটের সঙ্গে লেনদেন বন্ধ এবং রাশিয়ার সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর নতুন নিষেধাজ্ঞার সম্ভাবনাও বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়েছে।

এদিকে OPEC+ ডিসেম্বর মাসে দৈনিক ১ লাখ ৩৭ হাজার ব্যারেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এবং আগামী বছরের প্রথম তিন মাস উৎপাদন বৃদ্ধি স্থগিত রাখবে।

বিশ্লেষকদের মতে, সরবরাহ বাড়লেও ভূ-রাজনৈতিক ঝুঁকি দামকে অস্থিতিশীল রাখতে পারে। তারা ধারণা করছেন, সামনের মাসগুলোতে দাম সামান্য কমলেও ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে তা আবার স্থিতিশীল হতে পারে।

সূত্র: শাফাক নিউজ।

এই বিভাগের অন্য খবর

Back to top button