আন্তর্জাতিক খবর
প্রধান খবর

থার্টিফার্স্ট নাইটে সুইজারল্যান্ডে বারে বিস্ফোরণ, নিহত ৪০

সুইজারল্যান্ডের অভিজাত স্কি রিসোর্ট শহর ক্র্যান-মন্টানায় থার্টিফার্স্ট নাইট উদযাপনের সময় এক জনাকীর্ণ বারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও প্রায় ১০০ জন। খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সুইস পুলিশ বৃহস্পতিবার (১ জানুয়ারি) এ বিস্ফোরণের তথ্য নিশ্চিত করে। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের ভালাইস ক্যান্টনের ক্র্যান-মন্টানায় ‘লে কনস্টেলেশন’ নামের একটি বারে স্থানীয় সময় রাত দেড়টার দিকে এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে।

ভালাইস ক্যান্টনের নিরাপত্তা প্রধান স্টিফেন গাঞ্জার জানান, হতাহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন। বিস্ফোরণের পরপরই ব্যাপক উদ্ধার অভিযান শুরু করা হয়। এতে ১০টি হেলিকপ্টার এবং ৪০টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে।

ক্যান্টন সরকারের প্রধান ম্যাথিয়াস রেনার্ড বলেন, আহতদের বেশির ভাগের অবস্থাই আশঙ্কাজনক। ভালাইস হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) পূর্ণ হয়ে যাওয়ায় আহতদের সিওন, লুসান, জেনেভা ও জুরিখের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।

সুইস পুলিশ এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনার পর পুরো এলাকা সিলগালা করে দেওয়া হয়েছে এবং ক্র্যান-মন্টানার আকাশপথে বিমান চলাচলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ক্যান্টনের পুলিশ প্রধান ফ্রেডেরিক গিসলার এক সংবাদ সম্মেলনে বলেন, নিহত ও আহতদের স্বজনদের সহায়তার জন্য একটি হেল্পলাইন চালু করা হয়েছে। তিনি বলেন, “ক্র্যানসে যা ঘটেছে, তাতে আমরা সবাই গভীরভাবে মর্মাহত। আহতের সংখ্যা প্রায় ১০০ জন এবং তাদের মধ্যে আরও প্রায় ১০ জন মারা যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।”

বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে কর্তৃপক্ষ প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা হিসেবে দেখছে। প্রসিকিউটর বিয়াত্রিস পিলৌদ জানান, এটি কোনো হামলা নয়, বরং একটি অগ্নিকাণ্ডজনিত দুর্ঘটনা বলেই তদন্তকারীরা ধারণা করছেন।

কর্তৃপক্ষ নিহতদের পরিচয় শনাক্ত ও মরদেহ দ্রুত পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে।

তথ্যসূত্র: আজকের পত্রিকা

এই বিভাগের অন্য খবর

Back to top button