
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের ক্রমবর্ধমান সংঘাত এবং হরমুজ প্রণালীতে নৌযান চলাচল নিয়ে অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম টানা তিন দিন ধরে বাড়ছে।
বার্তা সংস্থা রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড-এর দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৭০ ডলার বা ২ দশমিক ২ শতাংশ বেড়ে ৭৯ ডলার ৪৪ সেন্টে দাঁড়িয়েছে।
সোমবার এ দাম আরও বেড়ে ৮২ ডলার ৩৭ সেন্টে পৌঁছেছিল, যা ২০২৫ সালের জানুয়ারির পর সর্বোচ্চ। দিন শেষে এটি ৬ দশমিক ৭ শতাংশ বেশি দামে স্থির হয়।
একইভাবে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ ডলার ১৭ সেন্ট বা ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৭২ ডলার ৪০ সেন্টে পৌঁছেছে। আগের সেশনে এটি ২০২৫ সালের জুনের পর সর্বোচ্চ পর্যায়ে উঠলেও শেষ পর্যন্ত ৬ দশমিক ৩ শতাংশ বৃদ্ধিতে থিতু হয়।
বিশ্লেষকদের মতে, সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কাই বাজারকে অস্থিতিশীল করে তুলছে। বাজার বিশ্লেষক টনি সিকামোর রয়টার্সকে জানিয়েছেন, দ্রুত পরিস্থিতি শান্ত হওয়ার কোনো লক্ষণ নেই। হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়া এবং ইরানের পক্ষ থেকে আঞ্চলিক জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার প্রবণতা তেলের দাম আরও বাড়িয়ে দিচ্ছে।
তার মতে, এই সংঘাত যত দীর্ঘস্থায়ী হবে, জ্বালানি বাজারে ঝুঁকি এবং মূল্যবৃদ্ধির সম্ভাবনা ততই প্রবল হবে।


