
ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় বাংলাদেশ, পাকিস্তান ও মিশরের নাগরিকসহ ৩২ জন অভিবাসনপ্রত্যাশীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)-এর প্রতিনিধিরা এ তথ্য জানিয়েছেন।
দাতব্য সংস্থা ‘মেডিটেরিয়ানে সেভিং হিউম্যানস’ এবং ‘সি-ওয়াচ’ জানায়, উদ্ধারকৃত ব্যক্তিদের ইতালীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে তাদের ইতালির দক্ষিণাঞ্চলের দ্বীপ ল্যাম্পেদুসায় নেওয়া হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাতে জানা যায়, নৌকাটি লিবিয়ার তাজোরা বন্দর থেকে যাত্রা শুরু করেছিল। এতে শতাধিক অভিবাসনপ্রত্যাশী ছিলেন। যাত্রা শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই বৈরি আবহাওয়া ও উত্তাল ঢেউয়ের কারণে নৌকাটি উল্টে যায়।
ইতালীয় কোস্ট গার্ডের মুখপাত্র রবার্তো ডি’অ্যারিগো জানান, লিবীয় কর্তৃপক্ষের তদারকিতে একটি ইতালীয় মালবাহী জাহাজ এবং একটি লাইবেরীয় বাণিজ্যিক জাহাজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধার হওয়া ৩২ জনই পুরুষ, যার মধ্যে একজন কিশোর রয়েছে।
চলতি বছর ভূমধ্যসাগরে অন্তত ৭২৫ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
এর আগে গত সপ্তাহে ল্যাম্পেদুসা দ্বীপ থেকে প্রায় ৮০ নটিক্যাল মাইল দূরে একটি ডিঙি নৌকা থেকে ১৯টি মৃতদেহ উদ্ধার করেছিল ইতালীয় কোস্ট গার্ড।
সূত্র: সময় নিউজ



