আন্তর্জাতিক খবর
প্রধান খবর

ট্রাম্পকে অপসারণে ২৫তম সংশোধনী প্রয়োগের আহ্বান মার্কিন আইনপ্রণেতাদের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে পদ থেকে অপসারণ করতে তার প্রশাসনের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির কয়েকজন আইনপ্রণেতা। তারা ট্রাম্পকে অপসারণের জন্য যুক্তরাষ্ট্রের সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগের দাবি জানিয়েছেন।

সংশোধনী অনুযায়ী, প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম হলে তার ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা রয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের পদক্ষেপের তীব্র সমালোচনা করে যুক্তরাষ্ট্রের কয়েকজন কংগ্রেস সদস্য সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন এবং তাকে সরানোর আহ্বান জানিয়েছেন।

অ্যারিজোনার কংগ্রেসওম্যান ইয়াসমিন আনসারি সর্বশেষ এই আহ্বান জানান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, “ট্রাম্প একটি ভয়াবহ ও অবৈধ যুদ্ধকে আরও উসকে দিচ্ছেন, ব্যাপক যুদ্ধাপরাধের হুমকি দিচ্ছেন এবং ইরানে বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করছেন। গত ৪৮ ঘণ্টায় তার বক্তব্য সব সীমা ছাড়িয়ে গেছে।”

এর আগে মিনেসোটার কংগ্রেসওম্যান ইলহান ওমর ইরানে বেসামরিক অবকাঠামোর বিরুদ্ধে ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় বলেন, “এটা ঠিক নয়। ২৫তম সংশোধনী প্রয়োগ করুন। ইমপিচ করুন। অপসারণ করুন। এই ভারসাম্যহীন উন্মাদকে পদ থেকে সরাতে হবে।”

নিউ মেক্সিকোর কংগ্রেসওম্যান মেলানি স্ট্যান্সবারি হ্যাশট্যাগ ব্যবহার করে বলেন, এখনই ২৫তম সংশোধনী প্রয়োগের সময় এসেছে এবং কংগ্রেস ও মন্ত্রিসভাকে এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে।

এদিকে ইলিনয়ের সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান জো ওয়ালশও ট্রাম্পের সমালোচনা করে বলেন, “তিনি চিরকাল এই দেশ এবং বিশ্বের জন্য কলঙ্ক হয়ে থাকবেন। এখনই ২৫তম সংশোধনী প্রয়োগ করা উচিত।”

ডেমোক্র্যাটিক সিনেট সদস্য ক্রিস মারফি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “আমি যদি ট্রাম্পের মন্ত্রিসভায় থাকতাম, তাহলে ইস্টারের সময় সাংবিধানিক আইনজীবীদের সঙ্গে ২৫তম সংশোধনী নিয়ে আলোচনা করতাম। এটি সম্পূর্ণ অস্বাভাবিক ও নিয়ন্ত্রণহীন পরিস্থিতি।”

সূত্র: সময় নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button