
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কূটনৈতিক যোগাযোগ বিচ্ছিন্ন করেছে ইরান। মঙ্গলবার (৭ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের সাম্প্রতিক হুমকির পর ওয়াশিংটনের সঙ্গে সরাসরি যোগাযোগ বন্ধ করে দিয়েছে তেহরান। তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চালিয়ে যাওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। একই সময়ে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস অবকাঠামোর ওপর হামলা বাড়ানোর হুমকি দিয়েছে।
হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরানকে দেওয়া যুক্তরাষ্ট্রের আলটিমেটামের সময়সীমা ঘনিয়ে আসার মধ্যেই নতুন করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, “আজ রাতে একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে, যা আর কখনো ফিরে আসবে না।”
ট্রাম্প বলেন, তিনি এমন পরিস্থিতি চান না। তবে ইরানের শাসনব্যবস্থায় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেলে পরিস্থিতির উন্নতি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্তের সামনে দাঁড়িয়ে আছে বিশ্ব।
এদিকে যুক্তরাষ্ট্রের দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগেই ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানিদের ১২ ঘণ্টার জন্য ট্রেন ব্যবহার না করতে এবং রেলপথ থেকে দূরে থাকার সতর্কবার্তা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দেশটির একাধিক রেললাইন ও সেতুতে হামলার খবর পাওয়া যায়।
আইডিএফ জানিয়েছে, তেহরান, কারাজ, তাবরিজ, কাশান এবং কোমসহ বিভিন্ন এলাকায় অন্তত আটটি সেতুতে হামলা চালানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। আধা-সরকারি মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, কাশান শহরের একটি রেল সেতুতে হামলায় দুজন নিহত হয়েছেন।
ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, কারাজে একটি রেললাইনে বিমান হামলা হয়েছে এবং সেখানে একজন আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) জানিয়েছে, পশ্চিম কোম প্রদেশের স্থল পরিবহন সেতুগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
এ ছাড়া পূর্ব আজারবাইজান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের বরাতে আইআরআইবি জানিয়েছে, তাবরিজ–তেহরান মহাসড়কের একটি অংশ প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
খুজেস্তান প্রদেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক উপপ্রধান জানিয়েছেন, আহভাজ শহরের একটি সড়কে যুক্তরাষ্ট্র ও ইসরাইল হামলা চালিয়েছে।
আইআরএনএ জানিয়েছে, হামলার কারণে তাবরিজ ও জানজানের মধ্যবর্তী একটি মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি কুরেহ চামান-মিয়ানে সড়কটিও উভয় দিক থেকে বন্ধ রাখা হয়েছে।
সূত্র: সময় নিউজ



