আন্তর্জাতিক খবর
প্রধান খবর

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশসহ আরও ৫৯টি দেশের আমদানিকৃত পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (২ জুন) মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয় (ইউএসটিআর) ৬০টি দেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব প্রকাশ করে।

খবরে বলা হয়েছে, জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য মার্কিন বাণিজ্যের জন্য বাধা সৃষ্টি করছে-এমন অভিযোগের ভিত্তিতেই এ প্রস্তাব দেওয়া হয়েছে।

ইউএসটিআর জানায়, অন্যায্য বাণিজ্য চর্চা সংক্রান্ত ধারা ৩০১-এর অধীনে পরিচালিত তদন্তের সর্বশেষ ফলাফল হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এমন সময়ে এই প্রস্তাব এল, যখন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তাদের শুল্ক কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট-এর এক রায়ে পূর্ববর্তী শুল্কব্যবস্থার কিছু অংশ বাতিল হয়েছিল।

ইউএসটিআর-এর প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ, কানাডা, ইকুয়েডর, ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, পাকিস্তান, আর্জেন্টিনা, কম্বোডিয়া, এল সালভাদর, গুয়াতেমালা, মালয়েশিয়া, তাইওয়ান এবং যুক্তরাজ্য থেকে আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া তদন্তাধীন বাকি ৪৫টি দেশের পণ্যের ওপর অতিরিক্ত ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের কথাও জানিয়েছে সংস্থাটি।

প্রস্তাবটি এখনো চূড়ান্ত হয়নি। পরবর্তী পর্যালোচনা ও নীতিগত সিদ্ধান্তের পর এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে।

তথ্যসূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button