আন্তর্জাতিক খবর

মালয়েশিয়ায় ১১৮ বাংলাদেশি অভিবাসী আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পুডু মার্কেট এলাকার আশপাশে বিদেশি নাগরিকদের আবাসস্থলে পরিচালিত বিশেষ অভিযানে ১৮৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। আটক ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন বাংলাদেশি নাগরিক।

শুক্রবার (১৯ জুন) গভীর রাতে পরিচালিত ‘অপস কুতিপ’ নামের এই অভিযানে বেশ কয়েকজন বিদেশি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার বা বিভিন্ন স্থানে লুকিয়ে থাকার চেষ্টা করেন। তবে কর্তৃপক্ষের তৎপরতায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়।

ইমিগ্রেশন বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে, রাত ১২টা ৫ মিনিটে শুরু হওয়া অভিযানে কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি ইমিগ্রেশন বিভাগ, পুত্রজায়া ও সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ, রয়্যাল মালয়েশিয়া পুলিশ, কুয়ালালামপুর সিটি হল এবং জাতীয় নিবন্ধন বিভাগের মোট ১৩৭ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন।

অভিযান চলাকালে ৩২০ জন বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১৮৬ জনকে আটক করা হয়েছে।

আটকদের মধ্যে রয়েছেন-

  • ১১৮ জন বাংলাদেশি পুরুষ
  • ২৮ জন ইন্দোনেশীয় নাগরিক (৭ পুরুষ ও ২১ নারী)
  • ২৬ জন মিয়ানমারের নাগরিক (১৩ পুরুষ ও ১৩ নারী)
  • ৫ জন ভিয়েতনামি নাগরিক
  • ৪ জন নেপালি
  • ২ জন ভারতীয়
  • ১ জন পাকিস্তানি
  • ২ জন চীনা নাগরিক

প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তিদের কেউ ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও মালয়েশিয়ায় অবস্থান করছিলেন, আবার কেউ বৈধ ভ্রমণ নথি বা অনুমতিপত্র ছাড়াই দেশটিতে বসবাস করছিলেন।

তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ১৫(১)(সি) (অনুমোদিত সময়ের বেশি অবস্থান) এবং ধারা ৬(১)(সি) (বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান)-এর আওতায় তদন্ত চলছে।

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তিদের পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button