আন্তর্জাতিক খবর
প্রধান খবর

নেপালে ভয়াবহ বন্যায় মৃত ৭৩৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিআরআরএমএ) সর্বশেষ তথ্য অনুযায়ী, এখনো নিখোঁজ রয়েছেন ২ হাজার ৪৯৮ জন।

রোববার (৩০ আগস্ট) সকালে প্রকাশিত হালনাগাদ তথ্যে বলা হয়েছে, বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ৭৩৪টি লাশ ও মানবদেহের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়েছে। ভোতে কোশি ও ত্রিশূলী নদীর বন্যায় নেপালের বিভিন্ন জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চলছে। তবে দুর্গম পাহাড়ি অঞ্চল, ক্ষতিগ্রস্ত সড়ক যোগাযোগ ও ধ্বংস হওয়া অবকাঠামোর কারণে উদ্ধারকাজে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন উদ্ধারকর্মীরা।

দুর্গত এলাকায় ত্রাণ ও জরুরি সহায়তা পৌঁছে দিতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সরকারি বিভিন্ন সংস্থা, উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবকেরা কাজ করছেন। নেপালের সাম্প্রতিক এই দুর্যোগকে দেশটির অন্যতম ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে।

নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, এখন পর্যন্ত বিভিন্ন দেশের ২৬১ জন বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে। তবে এখনো ৩২০ জন বিদেশি নাগরিকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

উদ্ধার হওয়া বিদেশি নাগরিকদের মধ্যে রয়েছেন ভারতের ১৬৭ জন, চীনের ৪০ জন, ইউক্রেনের ৮ জন, জার্মানির ৪ জন, মাল্টার ৪ জন, যুক্তরাষ্ট্রের ৩ জন, ইতালির ২ জন, রাশিয়ার ২ জন, স্পেনের ২ জন, সুইজারল্যান্ডের ২ জন, তুরস্কের ২ জন, বেলজিয়ামের ১ জন, বুলগেরিয়ার ১ জন, ওমানের ১ জন এবং পর্তুগালের ১ জন।

এ ছাড়া অন্যান্য দেশ বা যাদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি, এমন ২১ জন বিদেশি নাগরিককেও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নেপাল ট্যুরিজম বোর্ড।

ভোতে কোশি ও ত্রিশূলী নদী অববাহিকায় ভয়াবহ এই বন্যায় ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত থাকায় পরিস্থিতির আরও হালনাগাদ তথ্যের অপেক্ষায় রয়েছে দেশটির কর্তৃপক্ষ।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button