আন্তর্জাতিক খবর

বন্ধ হলো ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলার ঘটনার পর স্থায়ীভাবে বন্ধ হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট।

ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের হামলা জেরে, সতর্ক বার্তা দেয়ার পর নিয়ম ভঙ্গ করায় শুক্রবার এমন সিদ্ধান্ত নেয় টুইটার। ট্রাম্পের সমর্থকরা যুক্তরাষ্ট্রে আবারো সহিংসতা করতে পারে এমন আশঙ্কা থেকেই ট্রাম্পের অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করা হলো বলে জানিয়েছে টুইটার।

অ্যাকাউন্ট বন্ধের ঘোষণার পরই তিনি নিজেই নতুন এক প্ল্যাটফর্ম বানিয়ে নেবেন বলে জানিয়েছেন ট্রাম্প।

এর আগে নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দেয়ার মাত্র কয়েক ঘণ্টা পর ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানে যাবেন না তিনি। বেশ কিছু গণমাধ্যমে বলা হয়, জো বাইডেনের শপথ নেয়ার দিন স্কটল্যান্ডে গলফ খেলতে চান তিনি।

এদিকে, শুক্রবার ডেলাওয়ারে বক্তৃতায় ট্রাম্প যুক্তরাষ্ট্রের অন্যতম অযোগ্য প্রেসিডেন্ট বলে মন্তব্য করেছেন জো বাইডেন। তিনি বলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের অন্যতম অযোগ্য প্রেসিডেন্ট। তিনি কখন অফিস ছাড়বেন সেই অপেক্ষায় আছি। ট্রাম্প শপথ অনুষ্ঠানে আসবেন না, সেটাই ভালো হবে। তবে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে আমি স্বাগত জানাচ্ছি।

ট্রাম্প যেন পারমাণবিক অস্ত্রের কোড ব্যবহার করতে না পারেন সেজন্য মার্কিন সেনা প্রধানকে চিঠি দিয়েছেন দেশটির প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।

এই বিভাগের অন্য খবর

Back to top button