মুম্বাইসহ তলিয়ে যেতে পারে ভারতের ১২ টি শহর

সারা বিশ্বে ক্রমাগত বাড়ছে তাপমাত্রা। আর এর ফলে গলছে মেরু অঞ্চলের বরফ। জলবায়ুর এমন পরিবর্তন চিন্তায় ফেলে দিয়েছে বড় বড় দেশগুলোকে। এই পরিস্থিতিতে আরও চিন্তা বাড়িয়েছে ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জের (আইপিসিসি) প্রতিবেদন।
এতে বলা হয়েছে, যে হারে সমুদ্রের পানির স্তর বাড়ছে, তাতে শতাব্দীর শেষে তলিয়ে যেতে পারে ভারতের ১২টি উপকূলবর্তী শহর। এগুলোর মধ্যে মুম্বাই, চেন্নাই, কোচি, বিশাখাপত্তনম উল্লেখযোগ্য। প্রায় তিন ফুট পানির নিচে তলিয়ে যেতে পারে শহরগুলো।
উষ্ণায়নের কারণে যেভাবে বিশ্বব্যাপী পানির স্তর বাড়ছে, তা নিয়ে চিন্তিত স্পেস এজেন্সিগুলোও। তাদেরও নজরে পড়েছে ভারতের এই ১২টি উপকূলবর্তী শহরের দিকে। তারা বলছে, শহরগুলো বিপদের মুখে দাঁড়িয়ে আছে।
আইপিসিসির প্রতিবেদন বলছে, সারা বিশ্বে এশিয়ায় পানির স্তর বৃদ্ধির হার অনেক বেশি। আগে যেখানে ১০০ বছরে একবার সমুদ্রের পানির স্তর পরিবর্তিত হত, আগামী কয়েক বছরে মাঝে মধ্যেই সেই পরিবর্তন হবে। এতে বাড়বে সমুদ্রের পানির স্তর। এই হারে পানির স্তর বাড়তে থাকলে শতাব্দীর শেষে ভারতের ১২টি উপকূলবর্তী শহর তলিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি।
শহরগুলো হচ্ছে- কান্দলা ১.৮৭ ফুট, ওখা ১.৯৬ ফুট, ভৌনগর ২.৭০ ফুট, মুম্বাই ১.৯০ ফুট, মরমুগাও ২.০৬ ফুট, ম্যাঙ্গালোর ১.৮৭ ফুট, কোচিন ২.৩২ ফুট, পরাদ্বীপ ১.৯৩ ফুট, খিদিরপুর ০.৪৯ ফুট, বিশাখাপত্তনম ১.৭৭ ফুট, চেন্নাই ১.৮৭ ফুট ও তুতিকোরিন ১.৯ ফুট।



