রাশিয়ার ৫০ সেনা নিহত, ৪ ট্যাংক ৬ যুদ্ধবিমান ধ্বংস: ইউক্রেন

রাশিয়ার ৫০ সেনাকে হত্যার দাবি করেছে ইউক্রেন। পাশাপাশি, আক্রমণকারীদের চারটি ট্যাংক ও ছয়টি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে তারা। খবর রয়টার্সের।
বৃহস্পতিবার দুপুরে ইউক্রেনীয় সামরিক বাহিনী এক বিবৃতি জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় শহর খারকিভে চারটি ট্যাংক ধ্বংস করেছে ইউক্রেনীয় বাহিনী। এছাড়া, বিচ্ছিন্নতাবাদী লুহানস্ক অঞ্চলের একটি শহরে ৫০ রুশ সেনাকে হত্যা এবং ছয়টি সামরিক আকাশযান ধ্বংস করা হয়েছ।
অবশ্য এই দাবি প্রত্যাখ্যান করেছে রাশিয়া।
ইউক্রেনীয় সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলে রুশ বাহিনীর হামলায় তাদের তিন সদস্য প্রাণ হারিয়েছেন। জখম হয়েছেন আরো কয়েকজন।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশ পেয়ে বৃহস্পতিবার ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রুশ সামরিক বাহিনী।
ইউক্রেন বলছে, তিন দিকের সীমান্ত দিয়ে তাদের ওপর হামলা চালানো হচ্ছে। রাশিয়া, বেলারুশ ও ক্রিমিয়া সীমান্ত দিয়ে ইউক্রেনে প্রবেশে করেছে রুশ সেনারা। কামান, ভারী সরঞ্জাম এবং ছোট অস্ত্র ব্যবহার করে সীমান্ত ইউনিট, সীমান্ত টহল এবং চেকপয়েন্টগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এসএ
