আইন ও অপরাধ
প্রধান খবর

মোবাইল কোর্টের অভিযানে ভিডিও ধারণ বাধ্যতামূলক করলো সরকার

মোবাইল কোর্টের (ভ্রাম্যমাণ আদালত) কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে দেশের প্রতিটি জেলায় মোবাইল কোর্টের অভিযান ও কার্যক্রমের ভিডিও ধারণ বাধ্যতামূলক করা হয়েছে। কোনো ব্যক্তি মোবাইল কোর্টের দেওয়া দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করলে আদালতে প্রমাণ হিসেবে এসব ভিডিও উপস্থাপন করা যাবে। পাশাপাশি অভিযানের ভিডিও, স্থিরচিত্র ও তথ্য গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের জন্য প্রতিটি জেলায় গঠন করতে হবে মিডিয়া সেল।

শুধু অভিযান পরিচালনা নয়, মোবাইল কোর্টের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল মামলাও গুরুত্বের সঙ্গে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য জেলা পর্যায়ে সরকারি আইনজীবীদের মধ্য থেকে নির্দিষ্ট দায়িত্ব বণ্টন করা হবে। এ ছাড়া জনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসির কার্যক্রমের সমন্বয় ও তদারকিতে প্রতি মাসে জেলা পর্যায়ে বিশেষ সভা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত ১ ও ২ নভেম্বর জারি করা দুটি পরিপত্রে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে জনপ্রশাসন উপদেষ্টার নেতৃত্বে গঠিত কমিটির সুপারিশ পর্যালোচনা ও বাস্তবায়নসংক্রান্ত ৪ অক্টোবর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের ধারাবাহিকতায় এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা।

পরিপত্রে জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি সমন্বয় সভার কাঠামো, সদস্য ও কার্যপরিধিও নির্ধারণ করে দেওয়া হয়েছে।

মোবাইল কোর্টের অভিযানের ভিডিও ধারণের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি অধিশাখার যুগ্ম সচিব তানভীর আহমেদ জাগো নিউজকে বলেন, মোবাইল কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে অনেক সময় জজ আদালতে আপিল হয়। সাক্ষ্য আইনে সংশোধনীর মাধ্যমে ডিজিটাল কনটেন্টকে সাক্ষ্য হিসেবে ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। তাই আপিলের ক্ষেত্রে প্রয়োজনে অভিযানের ভিডিও আদালতে প্রমাণ হিসেবে উপস্থাপনের সুযোগ রাখতেই ভিডিও সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘সাক্ষ্য আইনেও এখন ডিজিটাল কনটেন্ট সাক্ষ্য হিসেবে ব্যবহারের সুযোগ আছে। এ জন্য মোবাইল কোর্টে দেওয়া দণ্ডাদেশের বিরুদ্ধে কোনো আপিল হলে, প্রয়োজনে ওই দণ্ডাদেশের প্রমাণ হিসেবে অভিযানের ভিডিওও যাতে আদালতে উপস্থাপন করা যায়, সে জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।’

যথাযথভাবে সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা না গেলে অনেক সময় অপরাধীরা খালাস পেয়ে যায় উল্লেখ করে তানভীর আহমেদ বলেন, ‘এটি নিশ্চিত করার জন্যই ভিডিও সংরক্ষণ করতে বলা হয়েছে। মূলত এটাই।’

ভিডিও ধারণের আরেকটি উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, বছর শেষে বা নির্দিষ্ট সময়ের কার্যক্রম নিয়ে প্রতিবেদন, তথ্যচিত্র কিংবা প্রামাণ্য দলিল তৈরিতে এসব ভিডিওর তথ্য কাজে লাগবে। বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানের কার্যক্রম পর্যালোচনা ও তুলে ধরতেও এগুলো সহায়ক হবে। জনসচেতনতা বাড়াতে ভিডিওগুলো প্রচারের ব্যবস্থাও করা হবে।

মোবাইল কোর্টের কার্যক্রম প্রচার ও জনসচেতনতা তৈরির জন্য মিডিয়া সেল নিয়েও কাজ করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার মাধ্যমে যেভাবে তাদের কার্যক্রম মানুষের সামনে তুলে ধরে, মোবাইল কোর্টের ক্ষেত্রেও তেমন দৃশ্যমানতা তৈরির চিন্তা রয়েছে।

তানভীর আহমেদ বলেন, বিভিন্ন স্থানে অভিযানের খবর ও ভিডিও প্রকাশ করা হলে মানুষ জানতে পারবে কোন কাজগুলো অপরাধ এবং কোথায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযোগ করতে হবে। তবে মিডিয়া সেল নিয়ে আরও আলোচনা ও কাজের সুযোগ রয়েছে। এই মুহূর্তে ভিডিও ধারণের মূল লক্ষ্য আপিলের বিষয়টি নিশ্চিত করা।

মোবাইল কোর্টে অভিযুক্ত ব্যক্তির নিরাপত্তা, পরিচয় ও চেহারা প্রকাশের বিষয়ে কোনো বিশেষ নির্দেশনা রয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারসংক্রান্ত নীতিমালা এবং এ ধরনের অন্যান্য প্রচলিত নির্দেশনা সব ক্ষেত্রেই প্রযোজ্য। তবে অভিযুক্ত ব্যক্তির নিরাপত্তা ও পরিচয় প্রকাশের বিষয়টি আলাদাভাবে আলোচনার প্রয়োজন রয়েছে।

এ বিষয়ে তিনি বলেন, ‘তার নিরাপত্তা বা চেহারা প্রকাশের বিষয়টি, যেহেতু এটি বিচারাধীন বিষয়, তাই আমরা এগুলো নিয়ে প্রশাসনের সঙ্গে আলাদাভাবে আলোচনা করবো।’

ভিডিও আদালতে প্রমাণ হিসেবে উপস্থাপনের ক্ষেত্রে সম্পাদনার কোনো সুযোগ থাকবে না জানিয়ে এই যুগ্ম সচিব বলেন, ‘যখন আমরা আপিল আদালতে এটি প্রমাণক হিসেবে দেবো, তখন আদালতে তো এটি দিতেই হবে। আদালতে তো কোনো এডিটিংয়ের সুযোগ নেই।’

মোবাইল কোর্ট আরও কার্যকরভাবে পরিচালনার জন্য কয়েকটি কমিটিসহ আরও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তানভীর আহমেদ।

অভিযানের ভিডিও সংরক্ষণ করবে জেলা প্রশাসকের কার্যালয়

মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে বলা হয়েছে, মোবাইল কোর্টের প্রতিটি অভিযান ও কার্যক্রমের ভিডিও ধারণ করতে হবে। ধারণ করা ভিডিও মামলার নম্বর ও তারিখ অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের জেএম শাখা এবং সংশ্লিষ্ট দপ্তর-সংস্থায় যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। পাশাপাশি ভিডিওর একটি কপি পাঠাতে হবে মিডিয়া সেলের কাছে।

মোবাইল কোর্টের আদেশের বিরুদ্ধে কোনো ব্যক্তি আপিল করলে প্রয়োজন অনুযায়ী আপিল আদালতে ওই ভিডিও সাক্ষ্য-প্রমাণ হিসেবে উপস্থাপন করতে হবে। এর ফলে অভিযানের সময় কী ঘটেছে, কীভাবে অপরাধ শনাক্ত করা হয়েছে এবং কী ধরনের কার্যক্রম পরিচালিত হয়েছে, তা পরবর্তী সময়ে যাচাই করার সুযোগ তৈরি হবে।

জব্দ মালামাল রাখতে হবে নির্দিষ্ট স্থানে, সংরক্ষণ করতে হবে রেজিস্টার

মোবাইল কোর্টের অভিযানে জব্দ করা মালামাল সংরক্ষণেও নির্দিষ্ট ব্যবস্থা নিতে বলা হয়েছে পরিপত্রে। প্রত্যেক জেলা প্রশাসকের কার্যালয় এবং সংশ্লিষ্ট দপ্তর-সংস্থাকে জব্দ করা মালামাল রাখার জন্য নিরাপদ ও সুরক্ষিত কক্ষ, স্থাপনা বা স্থান নির্ধারণ করতে হবে।

জব্দ করা মালামাল গ্রহণ, সংরক্ষণ এবং প্রয়োজনে আদালতে উপস্থাপন বা হস্তান্তরের জন্য কর্মকর্তা-কর্মচারীদের নির্দিষ্ট দায়িত্ব দিতে হবে। এ জন্য একটি রেজিস্টার সংরক্ষণ করতে হবে। সেখানে ক্রমিক নম্বর, তারিখ, মামলা নম্বর, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নাম, জব্দ করা মালামালের বিবরণ এবং নিষ্পত্তি বা হস্তান্তরের তথ্য লিপিবদ্ধ করতে হবে।

দায়িত্বপ্রাপ্ত কর্মচারী প্রতিটি এন্ট্রিতে স্বাক্ষর করবেন। সংশ্লিষ্ট কর্মকর্তা প্রতি মাসে অন্তত একবার সরেজমিনে এসব মালামাল যাচাই করে রেজিস্টারে প্রতিস্বাক্ষর করবেন। তবে পচনশীল বা দ্রুত নষ্ট হয়ে যেতে পারে, এমন মালামাল দীর্ঘদিন সংরক্ষণ না করে প্রচলিত বিধিবিধান অনুসরণ করে নিষ্পত্তির ব্যবস্থা নিতে হবে।

আপিল মামলা পরিচালনায় নির্দিষ্ট আইনজীবী

মোবাইল কোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে সরকারের পক্ষে মামলা পরিচালনা আরও সুসংগঠিত করতে জেলা পর্যায়ে সরকারি আইনজীবীদের দায়িত্ব নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, জেলা ম্যাজিস্ট্রেট পাবলিক প্রসিকিউটরের (পিপি) সঙ্গে পরামর্শ করে পিপি, অতিরিক্ত পিপি ও সহকারী পাবলিক প্রসিকিউটরদের (এপিপি) মধ্য থেকে দায়িত্বপ্রাপ্ত আইনজীবী নির্ধারণ করবেন। জেলা ম্যাজিস্ট্রেটের আপিল আদালত এবং দায়রা জজ আদালতে মোবাইল কোর্ট থেকে উদ্ভূত আপিল মামলাগুলো পরিচালনার দায়িত্ব তাঁদের দেওয়া হবে।

দায়িত্ব বণ্টনের বিষয়টি সংশ্লিষ্ট আদালতকে জানাতে হবে। এ-সংক্রান্ত আদেশের কপি মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি অধিশাখা এবং আইন ও বিচার বিভাগে পাঠাতে হবে।

দায়িত্বপ্রাপ্ত আইনজীবীরা মামলার অগ্রগতি সম্পর্কে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়কে জানাবেন। প্রয়োজনীয় তথ্য বা নথির প্রয়োজন হলেও তা জানাতে হবে। অন্যদিকে, সংশ্লিষ্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে আপিল মামলার শুনানির জন্য প্রয়োজনীয় নথিপত্র এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিযানের ভিডিও যথাসময়ে সরবরাহ করতে হবে। পুরো বিষয়টি সমন্বয় করবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।

প্রশিক্ষণ পাবেন মোবাইল কোর্টের সহকারীরা

জেলা ম্যাজিস্ট্রেট এবং সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার প্রধানদের অধীন কর্মচারীদের মধ্য থেকে প্রয়োজনীয়সংখ্যক কর্মচারীকে মোবাইল কোর্ট সহকারী বা পেশকার হিসেবে লিখিতভাবে অতিরিক্ত দায়িত্ব দিতে হবে।

বিভাগীয় কমিশনারের কার্যালয় মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে পরামর্শ করে এসব কর্মচারীকে আগামী এক মাসের মধ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবে। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মচারীদের তালিকা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

প্রতি জেলায় গঠন করতে হবে মিডিয়া সেল

মোবাইল কোর্টের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রত্যেক জেলায় একটি করে মিডিয়া সেল গঠন করতে হবে।

এতে জেলা প্রশাসক মনোনীত একজন অতিরিক্ত জেলা প্রশাসক বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। জেলা তথ্য কর্মকর্তা বা সহকারী জেলা তথ্য কর্মকর্তা এবং জেলা প্রশাসকের কার্যালয়ের প্রোগ্রামার বা সহকারী প্রোগ্রামার সদস্য থাকবেন। জেএম শাখার সিনিয়র বা সহকারী কমিশনার সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।

মিডিয়া সেল মোবাইল কোর্টের অভিযান ও কার্যক্রমের ভিডিও, স্থিরচিত্র এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে। প্রয়োজনে সেগুলো সম্পাদনা করে সরকারি ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম, গণমাধ্যম ও অন্যান্য উপযুক্ত মাধ্যমে প্রচারের ব্যবস্থা করবে।

এ কাজে জেলার অন্য কর্মকর্তাদের সহায়তা নেওয়া এবং প্রয়োজন হলে কারিগরি সেবা কেনার সুযোগ রাখা হয়েছে। এ-সংক্রান্ত ব্যয় সরকারি বিধিবিধান অনুসরণ করে সংশ্লিষ্ট খাত থেকে নির্বাহ করতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৮ সালের ৩১ অক্টোবর জারি করা নির্দেশনা অনুযায়ীও মিডিয়া সেলকে দায়িত্ব পালন করতে হবে। সংশ্লিষ্ট দপ্তর-সংস্থাগুলো নিজেদের ব্যবস্থাপনায়ও মিডিয়া সেল গঠন করতে পারবে।

প্রতি মাসে হবে জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি সমন্বয় সভা

অন্য পরিপত্রে দেশের প্রতিটি জেলায় প্রতি মাসে জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি সমন্বয় সভা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। জনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসির কার্যক্রম আরও কার্যকর করা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এ সভার উদ্দেশ্য।

জেলা ম্যাজিস্ট্রেট সভায় সভাপতিত্ব করবেন। জেলা ও উপজেলা প্রশাসনের সব এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সংশ্লিষ্ট জেলা বা মহানগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকারী দপ্তর-সংস্থার একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সদস্য থাকবেন। সংশ্লিষ্ট পিপি, অতিরিক্ত পিপি ও এপিপিরাও সদস্য হিসেবে থাকবেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।

প্রয়োজনে কমিটি অন্য কর্মকর্তাদেরও সভায় আমন্ত্রণ জানাতে পারবে। প্রতি চার মাসে একবার সভায় সংশ্লিষ্ট আদালত ও মোবাইল কোর্টের সহকারীদেরও উপস্থিত থাকতে হবে।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের ফৌজদারি আদালতের মামলা ও কার্যধারা নিষ্পত্তির অগ্রগতি পর্যালোচনা করা হবে। মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর অধীন পরিচালিত কার্যক্রম এবং আইনের তফসিলভুক্ত বিভিন্ন আইনে মোবাইল কোর্ট পরিচালনার বিষয়টিও তদারকি করা হবে।

এ ছাড়া ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর অধীন দায়ের করা মামলা ও কার্যধারা নিষ্পত্তির অগ্রগতি পর্যালোচনা করতে হবে। দীর্ঘদিন ধরে নিষ্পত্তির অপেক্ষায় থাকা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।

ফৌজদারি কার্যবিধি, মোবাইল কোর্ট আইন এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের অধীন আপিল মামলাগুলোতে সরকারের পক্ষে যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে।

জনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে আইনের বিধান আরও কার্যকরভাবে প্রয়োগের কর্মপরিকল্পনা গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের আইন ও বিধিবিধান সম্পর্কে হালনাগাদ জ্ঞান অর্জনের কার্যক্রমও তদারকি করা হবে।

সমন্বয়ের ঘাটতি, প্রশাসনিক চ্যালেঞ্জ ও সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠাতে পারবে কমিটি।

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভার দিন সুবিধাজনক সময়ে এ সভা আয়োজন করতে হবে। নির্দিষ্ট ছকে আদালত ও ম্যাজিস্ট্রেটভিত্তিক তথ্য সংগ্রহ করে সভায় উপস্থাপন ও পর্যালোচনা করতে হবে। সভার আলোচনায় আন্তবিভাগীয় সমন্বয়ের কোনো বিষয় উঠে এলে প্রয়োজনে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তা আলোচনা করতে হবে। প্রতিটি সভার কার্যবিবরণী ডি-নথির মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

অপরাধ প্রতিরোধে দ্রুত শাস্তি দিতে চালু হয় মোবাইল কোর্ট

বাংলাদেশে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে ২০০৯ সালের মোবাইল কোর্ট আইনের অধীনে। আইনটির উদ্দেশ্য জনস্বার্থে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়া। এ আইনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে নির্দিষ্ট অপরাধ ঘটনাস্থলে আমলে নিয়ে তাৎক্ষণিক দণ্ড দেওয়ার সীমিত ক্ষমতা দেওয়া হয়েছে। তবে এ ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে আইনের তফসিল, অপরাধের ধরন এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হয়।

আইনের ৭ ধারায় বলা হয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ লিখিতভাবে গঠন করে তাঁকে পড়ে শোনাতে হবে এবং অভিযোগ স্বীকার করেন কি না, তা জানতে হবে। অভিযোগ স্বীকার করলে তা লিখিতভাবে লিপিবদ্ধ করে অভিযুক্ত ও দুই সাক্ষীর স্বাক্ষর নিতে হবে। অভিযোগ অস্বীকার করলে এবং তাঁর ব্যাখ্যা সন্তোষজনক না হলে মামলাটি উপযুক্ত আদালতে পাঠানোর বিধান রয়েছে। আইনের ৮ ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড দেওয়ার সীমা নির্ধারণ করা হয়েছে।

তবে মোবাইল কোর্টের বিচারিক ক্ষমতা নিয়ে দীর্ঘদিন ধরেই আইনি বিতর্ক রয়েছে। ২০১৭ সালের ১১ মে হাইকোর্ট এক রায়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনার বৈধতা এবং আইনের কয়েকটি ধারাকে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন। পরে আপিল বিভাগের স্থগিতাদেশে ওই রায়ের কার্যকারিতা স্থগিত হয়।

তথ্যসূত্র: জাগো নিউজ ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button