
বগুড়ার ঐতিহাসিক শহীদ চাঁন্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ ফিরিয়ে আনতে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে স্টেডিয়ামটির সংস্কারকাজ করা হবে হাইব্রিড মডেলে। এরই মধ্যে সংস্কার পরিকল্পনা ও অগ্রগতি পর্যালোচনায় স্টেডিয়াম পরিদর্শন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
সোমবার (৯ নভেম্বর) দুপুর আড়াইটায় বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিকেল ৪টায় প্রতিনিধি দলটি শহীদ চাঁন্দু স্টেডিয়াম ও সংলগ্ন ওয়ান্ডারল্যান্ড পার্ক পরিদর্শন করে।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্কারকাজের পরিকল্পনা ও অগ্রগতির বিষয়ে বিস্তারিত জানান বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী এবং বিসিবির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স কমিটির চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানী সানভি।
বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী বলেন, স্টেডিয়ামটির পূর্ণাঙ্গ সংস্কারের জন্য কনসালটেন্ট ফার্ম নিয়োগের প্রক্রিয়া বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। এ প্রক্রিয়া সম্পন্ন হলে জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হবে। এরপর দ্রুততম সময়ে প্রকল্পের কাজ এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, প্রকল্পের আর্থিক বিষয়গুলো দেখভাল করছে জাতীয় ক্রীড়া পরিষদ। সম্পূর্ণ ড্রয়িং ও ডিজাইন চূড়ান্ত হওয়ার পরই সংস্কারকাজের সম্ভাব্য ব্যয় সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা পাওয়া যাবে। সমন্বয় সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, এনএসসি, স্থানীয় প্রশাসন এবং সম্ভাব্য কনসালটেন্ট ফার্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরিকল্পনা অনুযায়ী, আন্তর্জাতিক অ্যাক্রিডিটেড ভেন্যুর মানদণ্ড বজায় রাখতে স্টেডিয়ামের পাশে থাকা ওয়ান্ডারল্যান্ড পার্কে উন্নত অনুশীলন সুবিধা গড়ে তোলা হবে।
স্টেডিয়ামটির অতীত স্মৃতিচারণ করে বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানী সানভি বলেন, ২০০৬ সালে মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতিবিজড়িত এই স্টেডিয়াম নিয়ে বড় স্বপ্ন ছিল। তবে গত ১৭ বছরে স্টেডিয়ামটি চরম অবমূল্যায়ন ও ধ্বংসের শিকার হয়েছে। এখন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) গাইডলাইন অনুসরণ করে স্টেডিয়ামটি পুনর্নির্মাণ ও সংস্কার করাই মূল লক্ষ্য।
পুরোনো স্টেডিয়াম পুরোপুরি ভেঙে নতুন করে নির্মাণ করতে দীর্ঘ সময় লাগবে উল্লেখ করে তিনি বলেন, এ কারণে হাইব্রিড মডেলে সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে কিছু বিদ্যমান কাঠামো রেট্রোফিটিংয়ের মাধ্যমে সংস্কার করা হবে এবং বাকি অংশ ভেঙে নতুন করে নির্মাণ করা হবে। যত দ্রুত সম্ভব কাজ শেষ করে বগুড়ায় আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ ফিরিয়ে আনাই তাদের মূল লক্ষ্য।
বগুড়াবাসীর প্রত্যাশা ও সংস্কারকাজের অগ্রগতি প্রসঙ্গে সানভি বলেন, দৃশ্যমান উন্নয়নকে টেকসই করতে কিছু নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের আন্তরিকতায় এনএসসি ও বিসিবি যৌথভাবে একটি কমিটি গঠন করেছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই কনসালটেন্ট ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি জানান, কনসালটেন্টদের নকশা ও ড্রয়িং প্রস্তুতের জন্য দুই মাস সময় দেওয়া হবে। এরপর ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) তৈরি করে পরিকল্পনা অনুমোদনের পর দরপত্র আহ্বান ও ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যেই স্টেডিয়ামের সংস্কারকাজের দৃশ্যমান অগ্রগতি শুরু হবে বলে আশা প্রকাশ করেন বিসিবির এই পরিচালক।



