রানের পাহাড় টপকে জয় তুলে নিল পাঞ্জাব

আইপিএলের ১৫তম আসরের তৃতীয় ম্যাচে আগে ব্যাট করে নতুন অধিনায়ক ডু প্লেসি, কোহলি ও কার্তিকের ব্যাটে রানের পাহাড় গড়ে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এমন ব্যাটিংয়ের পরও ভানুকা রাজাপক্ষর ব্যাটে রানের পাহাড় টপকে জয় তুলে নিয়েছে পাঞ্জাব কিংস।
রোববার মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ৪১৩ রানের রান বন্যার ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে দুই উইকেটে ২০৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ব্যাঙ্গালুরু। জবাবে এক ওভার ও ৫ উইকেট হাতে রেখে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় পাঞ্জব। ফলে আসরের প্রথম ম্যাচেই ৫ উইকেটের দারুণ জয় পেল পাঞ্জাব।
ব্যাটিংয়ে নেমে শুরুটা খারাপ করেননি ডুপ্লেসি এবং অনুজ রাওয়ত। প্রথম উইকেটে ৫০ রান তুলে ফেলে তারা। ব্যক্তিগত ২১ রানে রাওয়ত ফেরার পর আর আটকানো যায়নি আরসিবি-কে। দ্বিতীয় জুটিতে স্কোরবোর্ডে উঠে ১১৮ রান। ব্যাঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসিস ৩ চার ও ৭ ছক্কায় মাত্র ৫৭ বলে ৮৮ রানের ঝকঝকে ইনিংস খেলেন। এছাড়া শেষ দিকে তিনটি করে চার-ছয়ের মারে ১৪ বলে ৩২ রানের ক্যামিও খেলেন দীনেশ কার্তিক। আর কোহলি অপরাজিত ছিলেন ২৯ বলে ৪১ রানের ইনিংস খেলে।
স্কোরবোর্ডে ২০৫ রান দেখে মনে করা হয়েছিল পাঞ্জাবকে চাপে ফেলবে ব্যাঙ্গালুরু। তবে উদ্বোধনী জুটিতে মায়াঙ্ক আগারওয়াল ও শিখর ধাওয়ানের ব্যাটিংয়ে তা বোঝা যায়নি। শিখর ধাওয়ান ২৯ বলে ৪৩, রাজাপাকসের ২২ বলে চার ছক্কায় ৪৩ ও আগারওয়ালের ৩২ রানের পর শেষদিকে ওডেন স্মিথের মাত্র ৮ বলে ২৫ রানের ঝড়ে ৬ বল হাতে রেখেই জয় তুলে নেয় পাঞ্জাব কিংস।
