তুলে রাখা শীতের জামা পরার আগে যা করবেন

নভেম্বর মানেই শীতের আগমন। ধীরে ধীরে ঠান্ডা পড়তে শুরু করেছে, আর পোশাকেও আসছে পরিবর্তন। যদিও দেশে শীত থাকে খুব বেশি দিন নয়, এই সময়টায় ভারি কাপড় অপরিহার্য হয়ে ওঠে। তবে গত শীতের জামা-কাপড় আলমারি থেকে বের করার আগে সেগুলো ধুয়ে নেওয়া জরুরি। না ধুলে ধুলাবালিতে থাকা জীবাণু ও অ্যালার্জি শরীরে ইনফেকশন ঘটাতে পারে। তাই গরম কাপড় ব্যবহারের আগে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিন।
শুধু শুরুতেই নয়, শীতের তিন মাসের মধ্যেও অন্তত একবার এসব পোশাক ধোয়ার অভ্যাস রাখুন। এতে কাপড় নরম, উষ্ণ এবং তাজা গন্ধযুক্ত থাকবে।
কোন পোশাক কীভাবে পরিষ্কার করবেন:
- গত শীত শেষে যদি ধুয়ে রেখে থাকেন, তাহলে শুধু রোদে বা বাতাসে কিছুক্ষণ রাখলেই চলবে। এতে স্যাঁতসেঁতে ভাব ও গন্ধ দূর হবে।
- উলের বা সোয়েটারজাত কাপড় লেবেলে নির্দেশিত মতো পরিষ্কার করুন। অনেক পোশাক ড্রাই ক্লিন করলে ভালো থাকে। ছোপ বা ফাঙ্গাস থাকলে ভিনেগার মিশ্রিত পানিতে আলতো করে মুছে নিন।
- জ্যাকেট ধোয়ার আগে কলার বা সাইডের লেবেল দেখুন। যদি “ড্রাই ক্লিন অনলি” লেখা থাকে, তাহলে ড্রাই ক্লিন করান। ওয়াশেবল হলে মেশিনে জেন্টল মোডে ঠান্ডা পানি ব্যবহার করুন এবং রোদে বেশি সময় ঝুলিয়ে রাখবেন না।
- সোয়েটার, শাল বা স্কার্ফ হাতে ধোয়ার সময় ঠান্ডা পানি ও হালকা ডিটারজেন্ট ব্যবহার করুন। সিল্ক বা পশমের হলে হাতে ধোয়া উত্তম, আর তুলার হলে মেশিনে ধোয়া যায়। শুকিয়ে নেওয়ার পর হালকা ইস্ত্রি করুন।
- উলের পোশাক কুসুম গরম পানিতে হালকা ডিটারজেন্টে ধুয়ে আলতোভাবে চেপে পানি বের করুন। শুকানোর সময় আড়াআড়িভাবে মেলে রাখুন। ধোয়ার পর সামান্য কন্ডিশনার মেশালে সোয়েটার আরও নরম থাকবে।
শীতে সোয়েটার, জ্যাকেট বা শালের সঙ্গে একটি স্কার্ফ যোগ করলে শুধু উষ্ণতা নয়, ফ্যাশনেও আসে বাড়তি মাত্রা। তবে যত্ন না নিলে এসব পোশাক দ্রুত নষ্ট হতে পারে—তাই নিয়মিত পরিষ্কার ও সঠিকভাবে সংরক্ষণের অভ্যাসই হতে পারে দীর্ঘস্থায়ী সমাধান।



