
ইফতারের পর মাথা ধরেছে? সারা দিন রোজা রাখার পর অনেকের কাছেই এটি পরিচিত সমস্যা। তবে সব মাথাব্যথা এক নয়। ধরন বুঝে এর প্রতিকার করা জরুরি। রোজার সময় বা ইফতারের পর যে মাথাব্যথা হয়, তার পেছনে বৈজ্ঞানিক কিছু কারণ রয়েছে। একে বলা হয় ‘ফাস্টিং হেডেক’ বা উপবাসজনিত মাথাব্যথা।
সাধারণত ৮ ঘণ্টা বা তার বেশি সময় না খেয়ে থাকলে রক্তে শর্করার মাত্রা কমে যাওয়া, পানিশূন্যতা বা ক্যাফেইন ছেড়ে দেওয়ার কারণে এ ধরনের ব্যথা দেখা দিতে পারে। সঠিক তথ্য জানা থাকলে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব।
মাথাব্যথার লক্ষণ
৮ ঘণ্টা বা তার বেশি সময় না খেয়ে থাকলে এই মাথাব্যথা শুরু হতে পারে। এর কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে—
ব্যথার ধরন:
সাধারণত মৃদু থেকে মাঝারি ধরনের হয় এবং মূলত কপালে অনুভূত হয়।
মাইগ্রেন থেকে আলাদা:
সাধারণ মাইগ্রেনের মতো দপদপে নয়। তবে যাঁরা আগে থেকেই মাইগ্রেনে ভোগেন, তাঁদের ক্ষেত্রে রোজা রাখা মাইগ্রেনকে ট্রিগার করতে পারে।
স্থায়িত্ব:
পুনরায় খাবার গ্রহণ শুরু করার পর সাধারণত ৭২ ঘণ্টার মধ্যে ব্যথা সেরে যায়।
ঝুঁকি:
যত দীর্ঘ সময় না খেয়ে থাকবেন, মাথাব্যথার ঝুঁকি তত বাড়বে। যাঁদের নিয়মিত মাথাব্যথার ইতিহাস আছে, তাঁদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায়।
কেন এই মাথাব্যথা হয়?
১. রক্তে শর্করার স্বল্পতা
রক্তে শর্করার সামান্য পরিবর্তনও মস্তিষ্কের ব্যথা-সংবেদনশীল রিসেপ্টরগুলোকে উত্তেজিত করতে পারে। যদিও সুস্থ মানুষের লিভারে পর্যাপ্ত গ্লাইকোজেন মজুত থাকে, যা প্রায় ২৪ ঘণ্টা পর্যন্ত শর্করার মাত্রা বজায় রাখতে পারে।
২. ক্যাফেইন উইথড্রয়াল
যাঁরা নিয়মিত চা বা কফি পান করেন, দীর্ঘ সময় ক্যাফেইন না পেলে মাথাব্যথা হতে পারে। সাধারণত শেষবার ক্যাফেইন নেওয়ার ১৮ ঘণ্টা পর এই ব্যথা শুরু হতে পারে।
৩. পানিশূন্যতা ও মানসিক চাপ
ডিহাইড্রেশন ও মানসিক চাপও এই মাথাব্যথার অন্যতম কারণ হিসেবে বিবেচিত।
কখন দ্রুত চিকিৎসকের কাছে যাবেন?
নিচের উপসর্গগুলোর সঙ্গে মাথাব্যথা হলে জরুরি চিকিৎসা নিন-
- ঘাড় শক্ত হয়ে যাওয়া
- তীব্র বমি ও বিভ্রান্তি
- কথা জড়িয়ে যাওয়া
- ১০০.৪° ফারেনহাইটের বেশি জ্বর
- শরীরের কোনো অংশ অবশ হওয়া বা দৃষ্টিশক্তি হারানো
প্রতিকারের উপায়
পানি পান করুন:
ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করুন।
ক্যাফেইন নিয়ন্ত্রণ করুন:
রোজা শুরুর আগে ধীরে ধীরে চা-কফির পরিমাণ কমিয়ে আনুন।
সুষম খাবার গ্রহণ করুন:
সেহরিতে এমন খাবার খান, যা দীর্ঘক্ষণ রক্তে শর্করা স্থিতিশীল রাখে (প্রোটিন, ফাইবারসমৃদ্ধ খাবার)।
পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন:
ঘুমের ঘাটতি ও মানসিক চাপ মাথাব্যথা বাড়াতে পারে।
সেহরি বাদ দেবেন না:
দীর্ঘ সময় খাবার ছাড়া থাকলে ঝুঁকি বাড়ে।
মাইগ্রেন রোগীদের জন্য:
রোজা রাখার আগে প্রতিরোধমূলক ওষুধ ব্যবহারের বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিন।
সূত্র: Verywell Health, Healthline



