লাইফস্টাইল
প্রধান খবর

ঈদের আগের দিন যেভাবে ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নিতে পারেন

ঈদ মানেই আনন্দ, উৎসব আর নিজেকে নতুনভাবে সাজিয়ে তোলার প্রস্তুতি। নতুন পোশাক, মেকআপ কিংবা পছন্দের অ্যাক্সেসরিজের পাশাপাশি সৌন্দর্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো ত্বক। উজ্জ্বল, স্বাস্থ্যোজ্জ্বল ও প্রাণবন্ত ত্বক পুরো লুককে আরও আকর্ষণীয় করে তোলে।

তবে গ্রীষ্মের তীব্র গরমে ত্বকের ওপর বাড়তি চাপ পড়ে। অতিরিক্ত ঘাম, ধুলাবালি ও রোদের কারণে ত্বক হারিয়ে ফেলে স্বাভাবিক উজ্জ্বলতা। তাই ঈদের আগে ত্বকের যত্নে প্রাকৃতিক ও ঘরোয়া উপাদানের ব্যবহার হতে পারে সবচেয়ে কার্যকর সমাধান।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত প্রাকৃতিক উপাদান দিয়ে ত্বকের যত্ন নিলে ত্বক শুধু সুন্দরই হয় না, দীর্ঘদিন তারুণ্যও ধরে রাখা সম্ভব। ঘরে থাকা সহজ কিছু উপাদান দিয়েই খুব সহজে নেওয়া যায় ত্বকের যত্ন।

শসার প্যাক

গরমে ত্বক সতেজ রাখতে শসার প্যাক খুবই কার্যকর। অতিরিক্ত গরমে ত্বক অনেক সময় শুষ্ক হয়ে পড়ে, আবার তৈলাক্ত ত্বকেও বারবার তেল জমে অস্বস্তি তৈরি হয়। এই দুই সমস্যাতেই উপকারী শসা।

প্যাক তৈরির জন্য একটি শসা ব্লেন্ড করে তার সঙ্গে ১ টেবিল চামচ মসুর ডাল বাটা মিশিয়ে নিন। এরপর মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে এলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

এই প্যাক ত্বকের অতিরিক্ত তেল দূর করার পাশাপাশি ত্বককে উজ্জ্বল ও ঠান্ডা রাখতেও সাহায্য করে।

ময়েশ্চারাইজিং ফেসপ্যাক

গরম হোক বা শীত-ত্বকের আর্দ্রতা ধরে রাখা খুবই জরুরি। ত্বক আর্দ্রতা হারিয়ে ফেললে বলিরেখা দেখা দিতে পারে এবং ত্বক দ্রুত নিষ্প্রাণ হয়ে পড়ে।

এই ফেসপ্যাক তৈরির জন্য ১ টেবিল চামচ গোলাপের পাপড়ি ও ৩টি খেজুর কিছুক্ষণ দুধে ভিজিয়ে রাখুন। এরপর সেগুলো ব্লেন্ড করে তার সঙ্গে সামান্য চন্দনের গুঁড়া মিশিয়ে নিন।

মিশ্রণটি মুখে লাগিয়ে শুকিয়ে এলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বককে নরম ও মসৃণ রাখার পাশাপাশি দীর্ঘসময় আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।

জাফরানের ব্যবহার

ত্বকের যত্নে জাফরান বা কেশর বহু বছর ধরে বিলাসবহুল উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কয়েকটি জাফরান কাঁচা দুধ বা গোলাপ জলে ভিজিয়ে সেই মিশ্রণ মুখে লাগাতে পারেন।

জাফরানের অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ত্বকের কালচে ভাব দূর করতে সাহায্য করে। পাশাপাশি এটি ত্বকের রক্ত সঞ্চালন বাড়িয়ে ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে।

আখরোট স্ক্রাব

প্রাকৃতিক স্ক্রাব হিসেবে আখরোটের ব্যবহার অনেক পুরোনো। আখরোটের শক্ত খোসা গুঁড়ো করে সহজেই ঘরোয়া স্ক্রাব তৈরি করা যায়।

এই স্ক্রাব ত্বকের মরা চামড়া দূর করতে এবং ত্বককে মসৃণ করতে সাহায্য করে। রাসায়নিকমুক্ত এই প্রাকৃতিক স্ক্রাব নিয়মিত ব্যবহার করলে ত্বক হয়ে ওঠে পরিষ্কার ও প্রাণবন্ত।

ত্বক ভালো রাখতে যা করবেন

ঈদের আগে সুন্দর ও সতেজ ত্বক পেতে দামি প্রসাধনী ব্যবহার করতেই হবে-এমন নয়। ঘরে থাকা প্রাকৃতিক উপাদান দিয়েই ত্বকের যত্ন নেওয়া সম্ভব।

নিয়মিত পরিচর্যা, পর্যাপ্ত পানি পান, স্বাস্থ্যকর খাবার গ্রহণ এবং ঘরোয়া ফেসপ্যাক ব্যবহারে গরমেও ত্বক থাকবে উজ্জ্বল, কোমল ও প্রাণবন্ত।

এই বিভাগের অন্য খবর

Back to top button