
ফুটবলে জয়-পরাজয় থাকবেই। আজ আপনার দল হেরেছে, আগামীকাল তারাই আবার জিততে পারে। একটি ম্যাচের ফলাফল যেন আপনার ব্যক্তিগত জীবনে প্রভাব না ফেলে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বিশ্বকাপে প্রিয় দলের হার মানতেই অনেক সমর্থকের মন ভেঙে যায়। কেউ হতাশ হয়ে পড়েন, কেউ আবার সারাদিন ম্যাচ নিয়েই ভাবতে থাকেন। তবে বিশেষজ্ঞদের মতে, কিছু সহজ অভ্যাস আপনাকে দ্রুত এই হতাশা কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে।
প্রথমত, নিজেকে কিছুটা সময় দিন। দল হারার পর মন খারাপ হওয়া একেবারেই স্বাভাবিক। তাই নিজের অনুভূতিকে চাপা না দিয়ে কয়েক ঘণ্টা বা একদিন সময় দিন।
দ্বিতীয়ত, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে কিছুটা দূরে থাকুন। দল হারার পর ট্রল, মিম বা খোঁচামূলক পোস্ট হতাশা আরও বাড়িয়ে দিতে পারে। এ সময় পরিবার, বই বা প্রিয় গান নিয়ে সময় কাটানো ভালো।
তৃতীয়ত, বন্ধুদের সঙ্গে আড্ডা দিন। একই দলের সমর্থকদের সঙ্গে হতাশা ভাগ করে নিন। আর প্রতিপক্ষের সমর্থকদের মজাকে ব্যক্তিগতভাবে না নিয়ে খেলাধুলার স্বাভাবিক অংশ হিসেবে দেখার চেষ্টা করুন।
চতুর্থত, ম্যাচের ইতিবাচক দিকগুলো মনে করুন। শুধু হার নয়, দলের ভালো আক্রমণ, গোলরক্ষকের দুর্দান্ত সেভ কিংবা শেষ পর্যন্ত লড়াই করার মানসিকতার মতো ইতিবাচক বিষয়গুলোর কথাও ভাবুন।
পঞ্চমত, অন্য কোনো প্রিয় কাজে মন দিন। সিনেমা দেখা, বই পড়া, রান্না করা বা হাঁটতে বের হওয়ার মতো কাজ মনকে অন্যদিকে নিয়ে যেতে সাহায্য করবে।
ষষ্ঠত, সামনে নতুন ম্যাচ ও নতুন টুর্নামেন্টের অপেক্ষা করুন। একজন প্রকৃত সমর্থক শুধু জয়ের সময় নয়, হারের সময়ও দলের পাশে থাকেন। নতুন সুযোগ আবারও আসবে।
সবশেষে মনে রাখুন, ফুটবলের আসল আনন্দ শুধু ট্রফি জেতায় নয়। বন্ধুদের সঙ্গে খেলা দেখা, উত্তেজনা ভাগাভাগি করা, উল্লাস করা এবং কঠিন সময়েও নিজের দলের পাশে থাকাতেই একজন প্রকৃত সমর্থকের পরিচয়। তাই প্রিয় দল হেরে গেলেও আশা হারাবেন না। কারণ ফুটবল শেখায়-হারের পরও আবার ঘুরে দাঁড়াতে হয়।
তথ্যসূত্র: ইত্তেফাক