মুক্তিযোদ্ধাদের ওয়ারিশদের নিয়ে সরকারের বিশেষ নির্দেশ

সব বীর মুক্তিযোদ্ধার (জীবিত ও মৃত) ওয়ারিশদের তথ্য আগামী দুই মাসের মধ্যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) সফটওয়্যারে সংরক্ষণের নির্দেশ দিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি মন্ত্রণালয়ের কল্যাণ-২ শাখার সিনিয়র সহকারী সচিব আখিনুর জাহান নীলা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
আদেশে বলা হয়েছে, প্রতিটি বীর মুক্তিযোদ্ধার পারিবারিক ও ওয়ারিশদের (পিতা, মাতা, সন্তান, স্ত্রী) তথ্য এমআইএস সফটওয়্যারে সংরক্ষণ করতে হবে। জীবিত মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে পারিবারিক সনদ এবং মৃত মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে ওয়ারিশ সনদ আপলোড করতে হবে।
এমআইএস সফটওয়্যারে জীবিত ও মৃত ওয়ারিশদের তথ্য পৃথকভাবে সংরক্ষণের সুযোগ রয়েছে। জীবিত ওয়ারিশদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র যাচাই করে ভেরিফাই করতে হবে, আর মৃত ওয়ারিশদের ক্ষেত্রে মৃত্যুসনদ ও মৃত্যুর তারিখ অন্তর্ভুক্ত করতে হবে। প্রয়োজনে একাধিক ওয়ারিশের তথ্যও সংরক্ষণ করা যাবে।
ভাতাপ্রাপ্ত কোনো ওয়ারিশ মৃত্যুবরণ করলে তার তথ্য ‘মৃত ওয়ারিশদের তালিকা’-তে যুক্ত করতে হবে। এ তথ্য এন্ট্রির দায়িত্বে থাকবেন সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপক (বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ কমিটির সদস্যসচিব) এবং অনুমোদন দেবেন জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসার (সভাপতি হিসেবে)।
সব তথ্য দুই মাসের মধ্যে এমআইএস সফটওয়্যারে অন্তর্ভুক্ত করে মন্ত্রণালয়কে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: কালের কণ্ঠ