জাতীয়
প্রধান খবর

হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় সাময়িকভাবে প্রকাশ বন্ধ প্রথম আলো ও ডেইলি স্টার

ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দেশের শীর্ষস্থানীয় দুই গণমাধ্যম প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের স্বাভাবিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। ফলে শুক্রবার ছাপা পত্রিকা প্রকাশ করা সম্ভব হয়নি। একই সঙ্গে বন্ধ রয়েছে উভয় পত্রিকার অনলাইন সংস্করণও।

শুক্রবার সকালে প্রথম আলো তাদের অনলাইন প্ল্যাটফর্মে ‘পাঠকের প্রতি’ শিরোনামে প্রকাশিত এক বার্তায় জানায়, আগের রাতে তাদের কার্যালয়ে ভয়াবহ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে কারিগরি ও প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এই পরিস্থিতিতে পত্রিকার মুদ্রণ ও প্রকাশ কার্যক্রম চালানো সম্ভব হয়নি। পাঠকদের কাছে এ জন্য দুঃখ প্রকাশ করে দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনরুদ্ধারের আশ্বাস দেওয়া হয়।

একই ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দ্য ডেইলি স্টার কর্তৃপক্ষ। তারা জানায়, অফিসে হামলার ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে পত্রিকার ছাপা ও অনলাইন উভয় সংস্করণের প্রকাশ বন্ধ রাখা হয়েছে। অনলাইন সেবা পুনরায় চালু না হওয়া পর্যন্ত পাঠকদের ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার গভীর রাতে কয়েকশ’ বিক্ষুব্ধ ব্যক্তি প্রথমে প্রথম আলো ও পরে দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা চালায়। এ সময় ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনে ভেতরে আটকে পড়া কর্মীদের উদ্ধার করে।

এই বিভাগের অন্য খবর

Back to top button