হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতেও প্রাণ গেল ৩ জন; ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১,৬৬০

দেশে হাম ও ডেঙ্গু-দুই সংক্রামক রোগের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে মারা গেছেন আরও তিনজন। এ সময় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ৮০ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮০ জন। অর্থাৎ দুই রোগে ২৪ ঘণ্টায় মোট হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬৬০ জন।
সোমবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হাম ও ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গে মারা গেছে ৭৫১ শিশু। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৬ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪৭ জনে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৮১ জন, চট্টগ্রাম বিভাগে ৭৯ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১২৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৮ জন, খুলনা বিভাগে ৬৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩৬ জন, রাজশাহী বিভাগে ২২ জন, রংপুর বিভাগে ৩১ জন এবং সিলেট বিভাগে দুইজন রয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬৮৪ জন। এর মধ্যে ৬২ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৮ শতাংশ নারী। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৫ হাজার ৩৪৪ জন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ জনে। স্বাস্থ্য অধিদফতর পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।
তথ্যসূত্র: যমুনা টিভি

